Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লাইনে পড়ে যাওয়া মহিলাকে বাঁচালেন জিআরপি কর্মী

রেল লাইনে পড়ে যাওয়া মহিলাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচালেন এক জিআরপি কর্মী। সোমবার ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া রেল স্টেশনে।

লাইনে পড়ে যাওয়া মহিলাকে বাঁচালেন জিআরপি কর্মী
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রেল লাইনে পড়ে যাওয়া মহিলাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচালেন এক জিআরপি কর্মী। সোমবার ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া রেল স্টেশনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বৃষ্টি হয়েছে। তাতে স্টেশন এলাকা পিছল হয়েছিল। স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন মহিলা পা পিছলে রেল লাইনের উপর পড়ে যান। তারপরে আর তিনি উঠতে পারছিলেন না। সেই সময় ওই লাইন দিয়ে একটি থ্রু ট্রেন পাশ করার ঘোষণা হয়েছিল। বিষয়টি নজরে আসে জিআরপি কর্মী শেখ মহবুলের। সেই সময় তিনি রেল ওভারব্রিজের নীচে ছিলেন। তিনি দ্রুত রেলপথে নেমে এসে ওই মহিলাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাঁকে দ্রুত তুলে আনা যাচ্ছিল না। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি সেই সময় ওই রেলপথে থ্রু ট্রেন প্রায় চলে এসেছিল। উপস্থিত বুদ্ধি খাটিয়ে শেখ মহবুল ওই মহিলাকে দু’টি রেলপথের মাঝের অংশে সরিয়ে আনেন। তাতেই ট্রেনটি নির্বিঘ্নে চলে যায়। পাশাপাশি, মহিলা ও শেখ মহবুলের জীবন রক্ষা পায়। ঘটনার জেরে এদিন প্ল্যাটফর্মে থাকা মানুষজন সকলেই ওই জিআরপি কর্মীর প্রশংসা করেছেন। মহবুল অবশ্য বলেন, এটি আমার কর্তব্য ছিল। একজন মানুষ রক্ষা পেয়েছেন, সেটাই আমার পুরস্কার। জানা গিয়েছে, ওই মহিলা চুঁচুড়ার বাসিন্দা। তিনি পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। তিনি বলেন, পিছলে গিয়েছিলাম। জোর রক্ষা পেয়েছি। ওই পুলিসকর্মীকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ