Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মদ বিক্রির অভিযোগে মুদির দোকান ভাঙচুর মৈপীঠে, পুলিসকে হেনস্তা!

অবৈধ মদের কারবার ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে

মদ বিক্রির অভিযোগে মুদির দোকান ভাঙচুর মৈপীঠে, পুলিসকে হেনস্তা!
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: অবৈধ মদের কারবার ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে। অভিযুক্তকে উদ্ধার করতে গেলে পুলিসকেও হেনস্তা করা হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মুদি দোকানের আড়ালে বিক্রি হচ্ছিল মদ। সেই মদ কিনত স্কুলের ছেলেরাও। হাতের কাছে মদ পাওয়ায় আসক্তি বাড়ছিল স্থানীয় যুবকদের। যার প্রভাব পড়ছিল পরিবারের উপর। ফল, নিত্য অশান্তি। এর প্রতিবাদে রবিবার রাতে গ্রামের মহিলারা একজোট হয়ে মুদির দোকানে ভাঙচুর চালান। নষ্ট করে দেওয়া হয় মজুত মদ। ঘটনাটি ঘটেছে মৈপীঠ উপকূল থানার দেবীপুর শনিরমোড় এলাকায়। 

Advertisement

ভাঙচুরের খবর পেয়ে মৈপীঠ উপকূল থানার পুলিস গ্রামে পৌঁছয়। পুলিসকে দেখে উত্তেজিত মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। অন্য বাসিন্দারাও চলে আসেন। পুলিসকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। পুলিস অভিযুক্ত বিক্রেতাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করতে গেলে মারমুখী হয়ে ওঠেন মহিলারা। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, লাঠি হাতে উর্দিধারীদের দিকে তেড়ে যাচ্ছেন তাঁরা। অভিযুক্তকে পুলিসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। লাঠি দিয়ে পুলিসকে পিছন থেকে মারা হচ্ছে। এমনকী, এক পুলিস অফিসারকে ধাক্কা দিয়ে সরিয়ে কিল-ঘুসি মারা হয়। এই ঘটনায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও পুলিস আক্রান্ত হওয়ার কথা অস্বীকার করছেন বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক। তিনি বলেন, পুলিস আক্রান্ত হয়নি। বচসা হয়েছিল। অভিযুক্ত মদ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তেজিত মহিলা ও এলাকার বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে মুদি দোকানে বেআইনি মদের কারবার চলছে। বারবার পুলিসকে জানানো হলেও কাজ হয়নি। অবিলম্বে এই দোকান এলাকা থেকে সরিয়ে দিতে হবে। 
উত্তেজনার মধ্যেই পুলিস অভিযুক্তকে কোনওক্রমে গাড়িতে তোলে। তখন পুলিসের গাড়ির পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত বাসিন্দারা। পরে পুলিস বুঝিয়েসুঝিয়ে তাঁদের শান্ত করে অভিযুক্তকে নিয়ে চলে যায়। 
পুলিস জানিয়েছে, বিক্রেতার নাম বিশ্বজিৎ সাউ। সোমবার তাঁকে বারুইপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ