Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গৌরনগরে নির্মীয়মাণ সুস্বাস্থ্য কেন্দ্রটি দেড় বছর ধরে বেহাল

গৌরনগরে নির্মীয়মাণ সুস্বাস্থ্য কেন্দ্রটি দেড় বছর ধরে বেহাল
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ ব্লকের চরমাজদিয়া-চরব্রহ্মনগর পঞ্চায়েতের গৌরনগরে এমএসকে স্কুলের পাশেই একটি সুস্বাস্থ্য কেন্দ্রনির্মাণ শুরু হয়েছিল। কিন্তু দেড় বছরের বেশি সেটি অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই সুস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ শেষ করে দ্রুত এটি চালু করতে হবে। সিএমসিবি পঞ্চায়েতের গৌরনগর তিন মাথার মোড়। এখানেই এমএসকে স্কুলের পাশে ব্রহ্মনগর সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি শুরু হয়েছিল। ন্যাশনাল হেলথ মিশনের বরাদ্দ অর্থে কংক্রিটের পিলার এবং খানিকটা ঢালাই হয়ে পড়ে রয়েছে। এই বিল্ডিং সম্পূর্ণ না হওয়ায় পাশের এমএসকে স্কুলেই স্বাস্থ্যকর্মীরা মাঝেমধ্যে ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা দেন। স্থানীয় বাসিন্দাদের প্রায় এক কিলোমিটার দূরে চরব্রহ্মনগর সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য যেতে হয়।এইভাবে পড়ে থাকার ফলে সুস্বাস্থ্য কেন্দ্রের অসম্পূর্ণ ভবনটিতে বসছে আড্ডার আসর।
Advertisement
এক স্বাস্থ্যকর্মী জানালেন, এটা চালু হলে গৌরনগর, ঘোলাপাড়া, উত্তর ও দক্ষিণ কলাতলার মানুষ উপকৃত হবেন। গর্ভবতী মা এবং শিশুদের চিকিৎসার পাশাপাশি ত্রিশোর্ধ্ব সমস্ত মানুষের প্রেশার, সুগার, ওজন পরীক্ষা করা হবে। এমনকী ওষুধও দেওয়া হবে। প্রাথমিক পরিষেবা এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে মিলবে। এছাড়া এই প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মায়েদের প্রাথমিক যত চেক আপ আছে সেগুলোর পাশাপাশি শিশুদের টিকাকরণও করা হয়। এছাড়া টিবি আক্রান্ত হয়েছেন যাঁরা, তাঁদের ওষুধ মিলবে এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকেই।
চরমাজদিয়া-চরব্রহ্মনগর পঞ্চায়েতের প্রধান স্বপন দেবনাথ বলেন, এই সুস্বাস্থ্য কেন্দ্রটির কিছু কাজ হয়ে পড়ে আছে। ফান্ডিং না থাকায় কাজ বন্ধ। যাতে এই সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ শুরু হয় সেই চেষ্টাই করছি। নবদ্বীপ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তাপস বিশ্বাস বলেন, আর্থিক কারণে এই সুস্বাস্থ্য কেন্দ্রটি সম্পূর্ণ করা যায়নি। তবে পাশের স্কুলে এই কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা এখন চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। তবে দ্রুত এই কাজ সম্পূর্ণ হলে ঘোলাপাড়া,গৌরনগর, উত্তর ও দক্ষিণ কলাতলা, মাঠপাড়া এবং কিছুটা চর ব্রহ্মনগর এলাকার মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবেন। নবদ্বীপ ব্লক অফিসের এক আধিকারিক জানালেন, বরাদ্দ অর্থ এখনও পর্যন্ত পুরোটা পাওয়া যায়নি, এজন্য এক্ষুনি এ কাজটি সম্পূর্ণ করা যাচ্ছে না।
সম্পর্কিত সংবাদ