Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রিন সিটি প্রকল্পে বরাদ্দ ১ কোটি ৬৮ লক্ষ, এলইডি আলোয় সাজছে কাটোয়া

গ্রিন সিটি প্রকল্পে বরাদ্দ ১ কোটি ৬৮ লক্ষ, এলইডি আলোয় সাজছে কাটোয়া
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: গ্রিন সিটি প্রকল্পে ফের কাটোয়া শহর সাজিয়ে তোলা হচ্ছে। আলোয় মুড়ে ফেলা হচ্ছে শহর। শহরের আনাচে কানাচে এলইডি আলোর খুঁটি বসানো হচ্ছে। বিদ্যুতের খরচ সাশ্রয় করতে টাইমার প্যানেল বাক্স বসাচ্ছে পুরসভা। এমন যন্ত্র শহরের প্রতিটি পথবাতিতেই বসানো হচ্ছে। যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবেই ঘড়ির সময় ধরে পথবাতির আলো নিয়ন্ত্রণ করবে। এতে বিদ্যুতের অপচয় অনেকটাই বন্ধ হবে। নতুন এলইডি আলো ও এই যন্ত্র বসাতে মোট ১কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা বলেন, গ্রিন সিটি প্রকল্পে শহরজুড়ে এলইডি আলো বসানো হচ্ছে। এতে বিদ্যুতের খরচ কমানো যাবে। 
Advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের প্রতিটি বাতিস্তম্ভেই টাইমার প্যানেল বাক্স লাগানো হবে। এতে রাত ১২টার পর ওই বাতিস্তম্ভের আলো নিজে থেকেই কমে যাবে। দিনের বেলাতেও বন্ধ হয়ে যাবে। সন্ধ্যার পর থেকে আলোর জোর বেড়ে যাবে। এতে শহরের বিদ্যুৎ অপচয় বন্ধ হবে। কারণ রাত ১২টার পর থেকে শহরে এমনিতেই বাসিন্দাদের যাতায়াত থাকে না। তাই ওইসময় বাতির আলোর জোর খুব একটা প্রয়োজন হয় না। 
কাটোয়া শহরজুড়ে বিভিন্ন রাস্তা সহ অলিগলিতে পুরনো ধাঁচের পথবাতি বদলে বাহারি এলইডি আলো লাগানো হচ্ছে। রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের গ্রিনসিটি প্রকল্প থেকে এক কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এলইডি আলো লাগানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এইরকম বাহারি এলইডি শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি বিদ্যুৎ বিল সাশ্রয় এবং শহরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমবে বলে মনে করা হচ্ছে। শহরের মোট ২০টি ওয়ার্ডে প্রায় ৪৬০০টি এলইডি আলো লাগানো হচ্ছে। আগে এসব বাতিস্তম্ভে অধিকাংশ জায়গায় পুরানো আমলের টিউব লাগানো ছিল। তাতে প্রতি মাসে বাতিস্তম্ভের বিদ্যুতের বিল মেটাতে পুরসভাকে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করতে হয়। সেগুলি বদলে দেওয়া হচ্ছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এসটিকেকে রোডে পাঁচঘড়া মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত আলো থাকছে। নতুন থানা থেকে বাসস্ট্যান্ড, শ্মশানঘাটের পিছনে, হরিসভা পাড়া ঘাটের কাছে, কালীবাড়ি ঘাটের কাছে মিলে মোট ২০০টি খুঁটিতে আলো লাগানো হচ্ছে। পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজদীপ দাস জানান, এগুলিতে ৯০ওয়াটের এলইডি লাগানো হচ্ছে। এর জন্য ৬৯লক্ষ ৩৪হাজার টাকা বরাদ্দ হয়েছে। ৩০ওয়াটের ২৬৫০টি এলইডি শহরের সমস্ত ওয়ার্ডেই লাগানো হচ্ছে। এর জন্য ৯৯লক্ষ ২৭হাজার ৪৩৩ টাকা বরাদ্দ হয়েছে। শহরের কাছারিরোড, স্টেশন রোড, গোয়েঙ্কা মোড়, নিচুবাজার, রেলগেট, স্টেশনবাজার প্রভৃতি গুরুত্বপূর্ণ এলাকাগুলির বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই হাইমাস্ট সহ এলইডি বাতিস্তম্ভ লাগানো হয়েছে। পুরসভার বিদ্যুৎ বিভাগের সুপারভাইজার কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, শহরজুড়ে বাহারি ধাঁচের এলইডি লাগানো হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড় বা গলির মুখগুলিতে হাইমাস্ট বাতিস্তম্ভ লাগানো হয়েছে। পুরনো আমলের বাতির বদলে এলইডি বাতি লাগানো হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ