Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রামীণ এলাকাতেও অবৈধ নির্মাণের তালিকা তৈরির সিদ্ধান্ত, ধরানো হবে নোটিস

গ্রামীণ এলাকাতেও অবৈধ নির্মাণের তালিকা তৈরির সিদ্ধান্ত, ধরানো হবে নোটিস
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: স্থানীয় প্রভাবশালীদের খুশি করেই গড়ে উঠছে বহুতল আবাসন। পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির অনুমতি নেওয়ার তোয়াক্কা করছে না নির্মাণকারীরা। সম্প্রতি উল্লাসের কাছে একটি অবৈধ নির্মাণের সন্ধান পায় জেলা প্রশাসন। কোনওরকম অনুমতি ছাড়াই সেখানে বহুতল গড়ে উঠছিল। আধিকারিকরা তদন্তে নেমে জানতে পেরেছেন, এলাকার এক প্রভাবশালীকে অবৈধ নির্মাণকারী প্রায় আড়াই লক্ষ টাকা দামের ঘড়ি উপহার দেয়। ওই প্রভাবশালী তাকে আশ্বস্ত করেছিলেন, কেউ বাধা দিতে এলে তিনি সামলে নেবেন। তাঁর বিরুদ্ধেও বহুবার সরকারি জমি দখলের অভিযোগ উঠেছিল। কিন্তু, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এক্ষেত্রে কিন্তু প্রশাসন অভিযোগ পেয়ে পদক্ষেপ নেয়। 
Advertisement
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, বর্ধমান শহর লাগোয়া গ্রামীণ এলাকায় কতগুলি অবৈধ নির্মাণ হয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ নির্মাণকারীদের নোটিস পাঠানো হবে। প্রয়োজনে নির্মাণ ভাঙা হবে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, সতর্ক করার পরও যারা বেপরোয়া মনোভাব দেখাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুমতি ছাড়া কোনও বিল্ডিং তৈরি করা যাবে না। গাংপুর সহ কয়েকটি জায়গায় সরকারি জমি দখল করা হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। প্রতিটি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে। 
পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, অবৈধ নির্মাণকারীদের নোটিস পাঠানোর জন্য বলা হয়েছে।
স্থানীয়রা বলেন, শহর লাগোয়া গ্রামীণ এলাকার জমিও অগ্নিমূল্য। সেই কারণে এই এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য শুরু হয়েছে। অনেকে আবার জমি কিনে কোনও অনুমতি ছাড়াই নির্মাণ করছেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার দপ্তরের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, কাউকে ঘড়ি বা কোনও কিছু গিফট দিয়ে অবৈধ নির্মাণ করা যাবে না।  জেলা পরিষদ, বিডিএ এবং পঞ্চায়েতের অনুমতি নিয়েই নির্মাণ করতে হবে। শহর লাগোয়া এলাকায় কোথাও অবৈধ নির্মাণ হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। নিয়ম সবাইকে মানতে হবে। অবৈধ নির্মাণ হলে সরকারের রাজস্বের ক্ষতি হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ