সংবাদদাতা, সিউড়ি: বৃহস্পতিবার সকালে রাজনগরের গ্রামে বেহাল রাস্তা মেরামতিতে হাত লাগাল পড়ুয়া থেকে গ্রামবাসী। তাঁদের অভিযোগ, নিয়মিত বালি বোঝাই লরি যাতায়াত করায় বেহাল হয়েছে এই রাস্তা। ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। রাজনগর ব্লকের গাংমুরি জয়পুর পঞ্চায়েতের রুহিদা গ্রামের রাস্তা বেহাল হয়ে রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, সিদ্ধেশ্বরী নদী থেকে দেদার বালি লুট হচ্ছে। সেই বালি লরিতে ওভার লোড করে এই গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাই রাস্তা বেহাল হয়েছে। বাসিন্দাদের আরও অভিযোগ, এই রাস্তার মধ্যে রয়েছে জয়পুর, তালপুকুর, হিরাপুর, রুহিদা, মশাবুনি সহ আরও অনেক গ্রাম। সেখানকার বাসিন্দা এবং স্কুলের পড়ুয়ারা নিত্যদিন এই বেহাল রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ছে। বর্ষার সময়ে এই রাস্তাটি আরও বেহাল হয় বলে অভিযোগ।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্কুলের পোশাকে জয়পুর উচ্চ বিদ্যালয়ের কিছু পড়ুয়া এবং কিছু গ্রামবাসী হাতে বেলচা, ঝাঁটা, গামলা নিয়ে রাস্তা মেরামত করতে নামেন। এক পড়ুয়া ভূমিকা ঘোষ বলে, এই রাস্তা দিয়ে বালির ভারী লরি যাতায়াত করছে। সেই বালির জলে রাস্তা খারাপ হচ্ছে। সব সময় রাস্তায় কাদা হয়ে থাকছে। রাস্তা ভেঙে গিয়েছে। আমরা সময় মতো স্কুল বা টিউশন যেতে পারছি না। প্রশাসন রাস্তা ঠিক করে দিচ্ছে না। গ্রামবাসী রূপা ঘোষ বলেন, নদী থেকে বালির গাড়ি গিয়ে রাস্তাটা খারাপ হয়েছে। গ্রাম থেকে অনেক দূরে জল আনতে যেতে হয়। এই খারাপ রাস্তা দিয়ে জল ভর্তি বালতি, ঘড়া আনতে খুব সমস্যায় পড়তে হয়। বারবার প্রশাসনকে বলেও কাজ হচ্ছে না।
এই প্রসঙ্গে রাজনগর ব্লকের বিডিও শুভাশিস চক্রবর্তী বলেন, কিছুদিন আগে আমরা আধিকারিকদের নিয়ে গিয়েছিলাম। রাস্তাটি খুবই খারাপ এ ব্যাপারে সন্দেহ নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তবে কিছু সময় তো লাগেই। তবে আজকের ঘটনা আমার জানা নেই। রাজনগর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু বলেন, আজকের বিষয়টি আমি শুনেছি। ওখানে রাস্তার অবস্থা খারাপ। মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।