Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গয়েরকাটা গার্লস হাইস্কুলে জানুয়ারিতে নয়া হস্টেল চালু

গয়েরকাটা গার্লস হাইস্কুলে জানুয়ারিতে নয়া হস্টেল চালু
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নতুন শিক্ষাবর্ষ থেকেই গয়েরকাটা গার্লস হাইস্কুলে চালু হচ্ছে নয়া হস্টেল। নবম থেকে দ্বাদশ শ্রেণির ১০০ ছাত্রী ওই হস্টেলে থাকার সুযোগ পাবে। ইতিমধ্যেই হস্টেলে ছাত্রীদের জন্য টিভি, বাসন, বিছানাপত্র কেনা হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা কণিকা রায় বলেন, বানারহাট ও ধূপগুড়ি ব্লকের ছাত্রীরা ওই হস্টেলে থেকে পড়াশোনা করার সুযোগ পাবে। যাদের বাবা-মা দু’জনেই নেই কিংবা দু’জনের মধ্যে কোনও একজন নেই, তাদের হস্টেলে থাকার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সোমবার স্কুলে পরিচালন কমিটির বৈঠক রয়েছে। সেখানে হস্টেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্কুল সূত্রে খবর, হস্টেলে বিদ্যুতের খানিকটা কাজ বাকি। শীঘ্রই তা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। গয়েরকাটা গার্লস হাইস্কুলে নাথুয়া, বিন্নাগুড়ি, বীরপাড়া, ধূপগুড়ি, গধেয়ারকুটি এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েরা পড়াশোনা করে। বাড়ি থেকে স্কুল অনেক দূর হওয়ায় বহু ছাত্রী নিয়মিত ক্লাসে হাজির থাকে না। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা জানিয়েছেন, দূরত্বের কারণে প্রায় ৩০ শতাংশ ছাত্রী বছরের বেশিরভাগ সময় ক্লাসে গরহাজির থাকে। তারা শুধু পরীক্ষা দিতে আসে। নতুন হস্টেল চালু হলে অনেকেই সেখানে থেকে স্কুলে পড়াশোনা করতে পারবে। গয়েরকাটা গার্লস স্কুলে বর্তমানে যে হস্টেল রয়েছে, সেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ৯৭ জন ছাত্রী পড়াশোনা করে। কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এতদিন কোনও হস্টেল ছিল না।
Advertisement
সম্পর্কিত সংবাদ