কোচবিহার থেকে কলকাতায় আসে তানিয়া। অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং সম্ভবত, কোনও রহস্যময় অতীত রয়েছে তার। সে ভালোবেসে ফেলে রীতেশ নামের এক সফল ব্যবসায়ীকে। যার প্রাক্তন প্রেমিকার নামও ছিল তানিয়া। এরা দু’জনে নিজেদের একটা ক্যাফে খোলে। এই সবেরই মাঝে জয় নামের এক ব্যক্তি সব জায়গায় তানিয়াকে ফলো করতে শুরু করে। এই জয় কি তাহলে তানিয়ার অতীতের সঙ্গে জড়িত? ঠিক এভাবেই ‘গিরগিটি’ ছবির চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক অর্পণ সরকার। তাঁর কথায়, ‘এটি একটি থ্রিলার। আমরা সবাই জানি যে, গিরগিটি রং বদলায়। সেই রকম অনেক মানুষ আছেন যাঁরা গিরগিটির মতো রং পাল্টায়। সেই রকম আমার ছবিতে সবকটা চরিত্র সময় মতো রং বদলাচ্ছে। আমরা অনেক সময় সঠিক মানুষকে চিনতে পারি না। ভুল মানুষকেই আমরা কাছের মানুষ মনে করে বিশ্বাস করি। পরে যখন জানতে পারি যে সেই মানুষটি ভুল, তখন অনেক দেরি হয়ে যায়।’ এই ছবিতে অভিনয় করছেন সৌরভ দাশ, পায়েল রায়, জ্যামি বন্দ্যোপাধ্যায় প্রমুখ।



