Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাণ্ডুয়ার দুই সমবায় নির্বাচনে উড়ল সবুজ আবির, সাবেক ঘাঁটিতে শক্তিবৃদ্ধি বামেদের

পাণ্ডুয়ার সমবায় নির্বাচনে ফের উড়ল সবুজ আবির। শনিবারই একটি পঞ্চায়েত নির্বাচনে বামেদের কাছে পর্যুদস্ত হয়েছিল তৃণমূলবাহিনী। কিন্তু ছোট্ট সেই সমবায়ে হারের ২৪ ঘণ্টার মধ্যেই ছ’গুণ বড় সমবায়ে নিরঙ্কুশ জয় পেল ঘাসফুলবাহিনী।

পাণ্ডুয়ার দুই সমবায় নির্বাচনে উড়ল সবুজ আবির, সাবেক ঘাঁটিতে শক্তিবৃদ্ধি বামেদের
  • ১৩ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাণ্ডুয়ার সমবায় নির্বাচনে ফের উড়ল সবুজ আবির। শনিবারই একটি পঞ্চায়েত নির্বাচনে বামেদের কাছে পর্যুদস্ত হয়েছিল তৃণমূলবাহিনী। কিন্তু ছোট্ট সেই সমবায়ে হারের ২৪ ঘণ্টার মধ্যেই ছ’গুণ বড় সমবায়ে নিরঙ্কুশ জয় পেল ঘাসফুলবাহিনী। পাণ্ডুয়ার তালবোনার শিবনগর ও জাহিরা সমবায়ের নির্বাচনে বামেদের পাশাপাশি বিজেপিও তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল। প্রায় ৬৮টি আসনের ওই সমবায়ে ৪৫টি আসন নিরঙ্কুশভাবে জিতে নিয়েছে তৃণমূল। বিজেপি ১১টি ও বামেরা ১১টি আসন জিতেছে। একটি আসন পেয়েছে কংগ্রেস।

Advertisement

প্রসঙ্গত, শনিবার রাতে পাণ্ডুয়ার শ্রীরামবাটি সমবায়ের নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছিল। সেখানে ১২টি আসনের মধ্যে ১১টি আসন জিতে নেয় বামেরা। একটি আসন পেয়েছিল তৃণমূল। রাতেই শ্রীরামবাটিতে লাল আবির উড়িয়ে মিছিল করে সিপিএম। যদিও তাদের জয়োল্লাস দীর্ঘস্থায়ী হয়নি। শ্রীরামবাটির ছোট্ট সমবায়ের হারের পরপরই শিবনগরের বড় সমবায়ে বড় জয় দিয়ে রাজনৈতিক প্রতিশোধ নিয়েছে রাজ্যের শাসকদল।
রাজ্যের প্রধান বিরোধী দলগুলি ওই নির্বাচনে শুধু প্রতিদ্বন্দ্বিতাতে ছিল তাই নয়, বিরোধীরা আসনও জিতেছে। ফলে, নির্বাচনী লড়াইয়ের মধ্যে দিয়েই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে রাজ্যের শাসকদল। যে কারণে শিবনগরের জয় আলাদা মাত্রা পাচ্ছে।
এনিয়ে পাণ্ডুয়ার তৃণমূল নেতা তথা জেলার অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, শ্রীরামবাটি যে বিচ্ছিন্ন ঘটনা ছিল, তা দলের নেতাকর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে প্রমাণ করে দিয়েছেন। আর তৃণমূলের পাণ্ডুয়া ব্লক সভাপতি আনিসুল ইসলাম বলেন, শ্রীরামবাটিতে পঞ্চায়েত নির্বাচনে বামেরা সাফল্য পেয়েছিল। আমরা সেই হার থেকে শিক্ষা নিয়েছি। সাংগঠনিক স্তরে ভুলত্রুটি দ্রুত পর্যালোচনা করা হবে। আমরা উন্নয়নের সঙ্গে সংশোধনেও বিশ্বাস করি। তবে দেখা গিয়েছে, উন্নয়নের জন্য মানুষ আমাদের সঙ্গেই থাকতে চায়। তাই পাণ্ডুয়ার অন্যতম বড় সমবায়ে আমরা সাফল্য পেয়েছি। এদিকে পাণ্ডুয়ার সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, শ্রীরামবাটিতে জয় এবং শিবনগরের হার, দু’টি ফলই পর্যালোচনা করা হবে। তবে নির্বাচনী ফলাফল যাই হোক, মানুষের সঙ্গে আছি, থাকব।
রাজ্যজুড়ে ২০১১ ও ’১৬ সালে সবুজ ঝড় বয়ে গেলেও পাণ্ডুয়াতে লালদুর্গ অটুট ছিল। ২০২২ সালে সেই দুর্গে ফাটল ধরিয়ে জয় পায় তৃণমূল। পরবর্তী সময়ে আগে রাম পরে বাম স্লোগানের জেরে অনেকটা কোণঠাসা হয়েছিল বামেরা। তবে সম্প্রতি আবারও সিপিএম তথা বামেরা, বিজেপিকে পিছিয়ে দিয়ে নিজেরা এগিয়ে এসেছে। রাজনৈতিক মহল বলছে, গত কয়েকমাসে প্রায় ২০টি সমবায়ে নির্বাচন হয়েছে। তাতে তৃণমূল যেমন নিজেদের আধিপত্য ধরে রেখেছে, তেমনই পাণ্ডুয়ায় বিরোধী দল হিসেবে শক্তিবৃদ্ধি হয়েছে বামেদেরই। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ