Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ছিটকে গেলেন গ্রিন, অজি স্কোয়াডে লাবুশানে

চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন জস ইংলিস। পারিবারিক কারণে প্রথম এক দিনের ম্যাচে খেলতে পারবেন না অ্যাডাম জাম্পাও।

ছিটকে গেলেন গ্রিন, অজি স্কোয়াডে লাবুশানে
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পারথ: চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন জস ইংলিস। পারিবারিক কারণে প্রথম এক দিনের ম্যাচে খেলতে পারবেন না অ্যাডাম জাম্পাও। তাঁদের পরিবর্তে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ডাক পেয়েছেন জস ফিলিপ ও বাঁ-হাতি ম্যাথিউ কুনেম্যান। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর দু’দিন আগে আবার পরিবর্তন অস্ট্রেলিয়া দলে। তবে শেষ ধাক্কাটা আরও জোরালো। চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাঁর পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশানে। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বলও করতে পারেন তিনি।

Advertisement

এদিকে, শুক্রবার অস্ট্রেলিয়া শিবিরের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাভিস হেড। তবে নিজেদের সম্পর্কে কথা বলার চেয়ে ভারতের দুই তারকাকে নিয়ে অনেক বেশি শব্দ খরচ করলেন তিনি। আসলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে যে চর্চার ঝড় বইছে তা থেকে দূরে থাকতে পারলেন না অজি ওপেনার। হেড বলেছেন, ‘ভারতের হয়ে কোহলি এবং রোহিতের পারফরম্যান্স অসাধারণ। সাদা বলের ক্রিকেটে ওরা দুর্দান্ত। আমার চোখে তো কোহলি সর্বকালের সেরা সাদা বলের ক্রিকেটার। রোহিতও খুব একটা পিছিয়ে নেই। ওপেনার হিসেবে ওর প্রতি আমার বিশেষ শ্রদ্ধা রয়েছে। আমার মনে হয়, ওরা দু’জনেই ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলবে। আর তা ক্রিকেটের জন্যও ভালো।’ পাশাপাশি, আসন্ন সিরিজে অস্ট্রেলিয়ার সাফল্য নিয়েও আশাবাদী হেড। তাঁর কথায়, ‘ভারতের বিরুদ্ধে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। তবে দৃঢ় বিশ্বাস, আমরাই জিতব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ