সংবাদদাতা, রায়গঞ্জ: প্রসূতির গর্ভে সন্তানের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হলেন পরিবারের লোকজন। শুক্রবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রায়গঞ্জের বাসিন্দা কার্তিক হরিজন তাঁর স্ত্রীকে এদিন সকালে সন্তান প্রসবের জন্য ভর্তি করেন। এরপর দুপুরেই সন্তানের মৃত্যু হয় বলে অভিযোগ। তিনি বলেন, সকালে স্ত্রীকে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করি। দুপুরে হাসপাতাল থেকে বলা হয় বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছে। নরমাল ডেলিভারি করা হবে। তার কিছুক্ষণ পরেই বলা হয় বাচ্চার অবস্থা আশঙ্কাজনক, দ্রুত সার্জারি করতে হবে। এরপর আমাকে জানানো হয় আমার সন্তানের গর্ভেই মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসক কিংবা নার্সরা সঠিকভাবে পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করেননি। এই খবর পাওয়ার পরই রোগীর পরিবারের লোকজন হাসপাতাল চত্বরে এলে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পরে যদিও নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ মেডিক্যালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, রোগীর পরিবারের লোক অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।



