নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএম কিষান প্রকল্পের আওতার বাইরে রাজ্যের যে চাষিরা মুখ্যমন্ত্রী কৃষক সম্মাননিধির অন্তর্ভুক্ত হবেন তাঁরা বছরে দুই দফায় আর্থিক অনুদান পাবেন। কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, খরিফ (জুন-সেপ্টেম্বর) ও ররি মরশুমে (ডিসেম্বর-মার্চ) দুটি সমান কিস্তিতে টাকা দেওয়া হবে। রাজ্য সরকারের প্রকল্পে জমিরপরিমাণ দুই ধরনের আর্থিক অনুদান দেওয়া হবে। ৪০ ডেসিমল পর্যন্ত জমিতে চাষ করলে বছরে ৪ হাজার টাকা ও তার থেকে বেশি জমির জন্য ৬ হাজার টাকা দেবে রাজ্য সরকার। রাজ্য সরকারি এই প্রকল্পে এখনো চাষিদের টাকা দেওয়া শুরু করেনি। খরিফ মরশুমে টাকা দেওয়ার সময়সীমা পার হয়ে গিয়েছে। দুই দফায় এবার টাকা দেওয়া হবে কি না সেটা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকছে। ৪৫ লক্ষের বেশি চাষি এই প্রকল্পের আওতায় আসার জন্য আবেদন করেছেন। আবেদনগুলি যাচাইয়ের কাজ চলছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই টাকা দেওয়া শুরু হবে বলে সরকারি সূত্রে জানা নিয়েছে।
পি এম কিষান প্রকল্পে চাষিদের কেন্দ্রীয় সরকার বছরে তিন দফায় মোট ৬ বছর টাকা দেওয়া হয়। চলতি বছরে ইতিমধ্যে দুটি কিস্তির টাকা দেওয়া হয়েছে। রাজ্যের ৪৬ লক্ষের বেশি চাষি এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায় আছেন। রাজ্য সরকার এই কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্ভুক্ত চাষিদেরও নিজস্ব খরচে মুখ্যমন্ত্রীর প্রকল্পে বছরে ৩ হাজার টাকা করে দেবে। যেহেতু কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে দুটি কিস্তি দিয়েছে তাই রাজ্য সরকার দুটি কিস্তির ২ হাজার টাকা ওই চাষিদের অ্যাকাউন্টে পাঠাচ্ছে। এদিকে গরিব ও তফসিলি জাতি-উপজাতিভুক্ত ছোটো ও প্রান্তিক চাষিদের রাজ্য কৃষিদপ্তর থেকে বিনা পয়সায় আলু বীজ দেওয়া হবে। তার জন্য স্থানীয় ভিত্তিতে তালিকা তৈরি হচ্ছে। মোট ১০০ কেজি আলু বীজ তাঁদের দেওয়া হবে।



