Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

জগদ্দলে বিধায়কের ছেলের দাদাগিরি

মাত্র একমাস হয়েছে রাজ্যে পালাবদল হয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এরমধ্যেই শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল জগদ্দলে।

জগদ্দলে বিধায়কের ছেলের দাদাগিরি
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মাত্র একমাস হয়েছে রাজ্যে পালাবদল হয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এরমধ্যেই শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল জগদ্দলে। এই কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা প্রাক্তন আইপিএস ডঃ রাজেশ কুমারের ছেলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল দলেরই একাংশ। প্ল্যাকার্ড ও দলীয় পতাকা হাতে নিয়ে বিধায়কের ছেলে ঋত্বিক কুমারকে ঘিরে বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে পানপুরে বারাকপুর ১ নম্বর বিডিও অফিসের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাটপাড়া থানার পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গাছের চারা বিতরণ হচ্ছে খবর পেয়ে জগদ্দল বিধানসভা এলাকার বিজেপি নেতারা দলীয় কর্মীদের নিয়ে পানপুরে বিডিও অফিসে জড়ো হয়েছিলেন। তাঁদের দাবি, বিডিও অফিসের একটি ঘরে তাঁরা অপেক্ষায় ছিলেন, সেই সময় এমএলএ স্টিকার লাগানো একটি গাড়িতে চেপে সেখানে আসেন জগদ্দলের বিধায়ক রাজেশ কুমারের ছেলে ঋত্বিক কুমার। অভিযোগ, বিধায়কের ছেলে দলীয় নেতাদের সঙ্গে অভব্য আচরণ করেন এবং জোর করে বের করে দেন। 
স্থানীয় বিজেপি নেতা সুকোমল ঘোষের বক্তব্য, রাজেশ কুমার বিধায়ক হতেই তাঁর ছেলে এলাকায় ‘দাদাগিরি’ দেখাতে শুরু করেছেন। ৪ মে’র পর তিনি নব্য বিজেপি হওয়া কয়েকজনকে নিয়ে ঘুরছেন এবং পুরানো নেতা-কর্মীদের অসম্মান করছেন। এটা মেনে নেওয়া যায় না। সেকারণেই তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগও জানাবেন।
এই অভিযোগ মানতে নারাজ বিধায়ক রাজেশ কুমার। তিনি বলেন, ভোটের ফল বেরনোর পর যারা বিজেপি হয়েছে, তারাই এই কাণ্ড ঘটিয়েছে। আমার ছেলে অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে। ঘটনার কথা শুনে আমার গাড়ি নিয়েই ও ওখানে গিয়েছিল। আমার ছেলে কোনো অন্যায় করেনি। তৃণমূল সরকারের আমলে যে ‘দাদাগিরি’ বা ‘তোলাবাজি’ চলত, তা আর চলবে না। মাছ বাজারে একটি তোলাবাজির ঘটনা ঘটছে। আমি নিজে গিয়ে প্রতিবাদ জানাব। আগে যা হয়েছে, তা আর জগদ্দলে হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ