সংবাদদাতা, ঘাটাল: সম্পর্কিত দাদুর ধারাবাহিক ধর্ষণের ফলে দাসপুর থানার এক নামী স্কুলের ছাত্রীকে সন্তানের মা হতে হয়েছে। কয়েক দিন আগে পাঁশকুড়া সুপার স্পেশালিটিতে সুস্থ সবল এক সন্তানের জন্মও দেয় ওই নাবালিকা। ঘটনা জানাজানি হতেই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় দাদু। ষাটোর্ধ্ব ওই দাদু নিরঞ্জন পাখিরা। পাঁশকুড়া থানার লছিপুরে তার বাড়ি। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে নিরঞ্জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই ছাত্রীর ২০২৭ সালে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার দেওয়ার কথা। অন্যদিকে, নিরঞ্জন পেশায় রাজমিস্ত্রি। ছাত্রীর বাবার সম্পর্কে পিসেমশাই সে। পাঁশকুড়া থানার যশোড়ার লছিপুরে নিরঞ্জনের বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে ছাত্রীর পরিবারে নতুন একটি পাকা বাড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বাড়ি তৈরির ‘টেকনিক্যাল গাইড’ নেওয়ার জন্য রাজমিস্ত্রির কাজে ‘অভিজ্ঞ’ নিরঞ্জনের পরামর্শ চাওয়া হয়। ছাত্রীটি বলে, সেই সুযোগেই আমাদের বাড়ি যাতায়াত করত দাদু। আমাকে ভয় দেখিয়ে বার বার ধর্ষণ করে। বিষয়টি কাউকে বলতে নিষেধ করে।
গত সপ্তাহে ছাত্রীর প্রসব বেদনা ওঠে। তখনই নিকটতম সরকারি হাসপাতাল হিসেবে পাঁশকুড়া সুপার স্পেশালিটিতে তাকে ভরতি করা হয়। রবিবার সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়।হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নাবালিকার সন্তান হলেই পুলিশ এবং চাইল্ডলাইনে জানাতে হয়। হাসপাতাল সেই কাজ করতেই পুলিশ ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই নিরঞ্জনের ওই কুকীর্তির বিষয় সামনে আসে। অন্যদিকে, ওই নাবালিকার বাড়ির লোকেরাও দাসপুর থানায় নিরঞ্জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ওই বৃদ্ধকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনায় একাধিক উঠছে একাধিক প্রশ্ন। পরিবারের অন্দরেই যদি এমন ভয়াবহ নির্যাতনের অভিযোগ ঘটে থাকে, তবে এতদিন তা সামনে এল না কেন? নাবালিকার নিরাপত্তা ও সদ্যোজাত শিশুর ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত হবে?
রবিবার স্বাভাবিক ভাবে সন্তান প্রসবের পর মঙ্গলবার শিশু ও মাকে হাসপাতাল ছুটি দিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশেই শিশু ও মায়ের প্রসঙ্গে পরবর্তী পদক্ষেপ করা হবে।



