সঞ্জয় গঙ্গোপাধ্যায়, বারাকপুর; দুর্গাপুজোর অষ্টমীর দিন বেলুড়মঠে যে নিয়মে কুমারীপুজো হয়, স্বামী বিবেকানন্দ বর্ণিত সেই নিয়মেই হালিশহরে ২৮ জনকে নিয়ে কুমারীপুজোর আয়োজন করা হচ্ছে। এর অন্যতম উদ্যোক্তা হালিশহর পোড়ো বারোয়ারি সংস্থা পুজো কমিটি। তারা দেড়শো বছর ধরে সরস্বতীপুজো করে আসছে। এবার তাদের দুর্গাপুজোর ২৯ বছর। তাদের স্থায়ী মণ্ডপে সাবেকি রীতিতে দুর্গাপুজোর আয়োজন চলছে।
রামপ্রসাদের ভিটের অদূরে এই পুজোমণ্ডপ। এই পুজোর অন্যতম আকর্ষণ কুমারীপুজো। এখানে কুমারীপুজো চলছে ১৩ বছর যাবৎ। ব্রাহ্মণ, অব্রাহ্মণ যেকোনো বর্ণের পরিবারের কুমারীকে পুজো করা হয় এখানে। যেসব কুমারী পূজিতা হবেন, তাঁদের বাড়িতে বকাঝকা করা বারণ। তাঁদের শরীরের কোথাও যেন আঘাত না লাগে বা কেটেকুটে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। মহাষ্টমীর সকালে প্রথমে তাঁদের লালপেড়ে সাদাশাড়ির উপর দিয়ে হাঁটিয়ে ঢাকের বাজনা ও শোভাযাত্রাসহকারে রামপ্রসাদের ভিটেয় নিয়ে যাওয়া হয়। তাঁদের হাতে থাকে ত্রিশূল। সেখানে সাধক-কবি রামপ্রসাদের আরাধ্যদেবীকে দর্শন এবং পুজো করানোর পর পুজোমণ্ডপে নিয়ে যাওয়া হয়। পুজো কমিটির পক্ষ থেকে দেওয়া হয় ফুলের সাজ। একসঙ্গে ২৮ জন কুমারীকে বসিয়ে পুজো করা হয়। এই অনুষ্ঠান দেখতে ভক্তদের ঢল নামে। পুজোর পরে তাঁদের মাটির থালায় ভোগ খাওয়ানো হয়। সকলকের মধ্যে ভোগ বিতরণ করা হয় পুজোর তিনদিন।
এবারের পুজোর থিম বাংলা ও বাঙালির সাবেকিয়ানা। বাঙালি অস্মিতা ও বাঙালিয়ানাকে তুলে ধরতে হালিশহরের পোড়ো বারোয়ারি সংস্থা পুজো কমিটি পরম্পরা অক্ষুণ্ণ রেখেছে। প্রতিমা হয় ডাকের সাজের। এই পুজোমণ্ডপে প্রতিটি মানুষ যেন তার ছোটবেলা ফিরে পায়।
পুজো কমিটির অন্যতম কর্তা চন্দ্রোদয় চক্রবর্তী বলেন, আমাদের ইতিহাস এবং বাঙালিয়ানার পরম্পরা তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য। ওইসঙ্গে স্বামী বিবেকানন্দ বর্ণিত নিয়মেই কুমারীপুজো করা হয়। ব্রাহ্মণ, অব্রাহ্মণ ভেদ দেখি না। গতবছর পুজো পেয়েছিলেন ২৪ জন কুমারী। এবার এখনো পর্যন্ত ২৮ জনের নাম পাওয়া গিয়েছে। দুর্গামণ্ডপে তাঁরা একসঙ্গেই পূজিতা হবেন। অনেকে মানসিক পুজোও দেন এখানে।
তিনশো বছরের প্রাচীন রামপ্রসাদের ভিটের অদূরে এই কুমারীপুজো দেখতে বিপুল ভক্ত সমাগম হয়। ধূপের গন্ধ, ধুনুচির ধোঁয়া, ঢাকের বোলে কুমারী কন্যাই তখন সাক্ষাৎ মৃন্ময়ী দুগ্গা মা! তবে রামপ্রসাদের ভিটেয় পুজোর কদিন নিত্যপুজো হবে। ভোগ হবে। বহু মানুষ অষ্টমী-নবমীতে পুজো দেন। একসঙ্গে এতজনের কুমারীপুজো মহাষ্টমীর সকালটিকে এক অন্য মাত্রায় পৌঁছে
দেয়। ফাইল চিত্র