নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ছটপুজোর জাঁকজমক বাড়ছে শস্যগোলা পূর্ব বর্ধমানে। স্টেশন চত্বরে বেজে চলছে ছটপুজোর গান। গঙ্গা থেকে ১০হাজার লিটার জল এনে পুকুর শুদ্ধ করা হয়েছে। দামোদরে বসানো হয়েছে বাতি। এমন ব্যবস্থা বর্ধমান এর আগে দেখেনি। পাশের জেলা পশ্চিম বর্ধমানে ছটের জাঁকজমকতা অবশ্য বহুদিনের। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দারা কর্মসূত্রে রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল, বরাকরে রয়েছেন। ছটের জাঁকজমকতা প্রতিবারই সেই জেলায় নজর কাড়ে। বরাকরে ফুলের পাপড়ি ছিটানো হয়। পূর্ব বর্ধমানেও ছটপুজো বহুদিন ধরেই হয়ে আসছে। কিন্তু, এমন জমকালোভাবে আগে হয়নি বলেই বাসিন্দাদের দাবি।
বিজেপি নেতা সুধীররঞ্জন সাউ বলেন, শহরের ৬ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকার পুকুরে অনেকেই ছটপুজো সারতেন। এতদিন এই পুকুর কচুরিপানায় ভরতি ছিল। পুরসভা পুকুর সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। এবার আমরা কচুরিপানা সহ অন্যান্য আবর্জনা তুলে ফেলেছি। ১০ হাজার লিটার গঙ্গা জল দিয়ে পুকুর শুদ্ধ করা হয়েছে। এবার এখানে ধুমধাম করে পুজো হবে। স্টেশন চত্বরে এবার ছটপুজোর গান বেজে চলেছে। পরিবেশটাই বদলে গিয়েছে।
স্থানীয়রা বলেন, পূর্ব বর্ধমানেও হিন্দি ভাষি লোকজন বসবাস করেন। ছটপুজোর সময় তাঁরা নিজের রাজ্যে ফিরে যেতেন। এবার এখানে থেকই পুজো সারবেন। দামোদরের ঘাটে পুজো দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যার সময় ভক্তদের যাতে অসুবিধা না হয়, তারজন্য বাতি বসানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও আগের থেকে জোরদার করা হয়েছে। এছাড়া নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ছটপুজোর অনুষ্ঠানের উদ্বোধন করতে রাজ্যের মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বর্ধমানের পাশাপাশি মেমারি, কাটোয়া, কালনা এবং গুসকরাতেও আগের থেকে অনেক বেশি ধুমধাম করে এবার ছটপুজো হতে চলেছে।
শহরের অনেকেই বলছেন, এবার বর্ধমান শহরের বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটির বাজেট কমেছে। প্রতিবার তারা থিমে চমক দিত। এবার কোনোরকমে ছোট মণ্ডপ করে পুজো হয়েছে। পুজো কমিটিগুলির অবশ্য দাবি, সরকার পরিবর্তন হওয়ার পর গুছিয়ে নিতে সময় লাগবে। কমিটি রদবদল হয়েছিল। সেই কারণে কয়েকটি পুজো কমিটি থিমের দিকে এগোয়নি। তবে সামনের বছর তারা চমক দেবে। কালীপুজোর রেশ শহরে এখনো রয়েছে। তারপরই শুরু হচ্ছে ছটপুজোর জাঁকজমকতা। এই পুজোর রেশও কয়েকদিন থাকবে বলে অনেকে মনে করছেন।



