Bartaman Logo
১০ জুন, ২০২৬

গোয়ার পুলিস সুপার সুনীতা সাওয়ান্তের বদলিতে বিতর্ক

গোয়ার পুলিস সুপার সুনীতা সাওয়ান্তের বদলিতে বিতর্ক
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পানাজি: গভীর রাতে ওয়্যারলেস মেসেজে বদলি করা হল দক্ষিণ গোয়ার পুলিস সুপার সুনীতা সাওয়ান্তকে। রাজ্যের বিজেপি সরকারের এই পদক্ষেপের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি কংগ্রেস সহ বিরোধী দলগুলির। প্রদেশ কংগ্রেস সভাপতি অমিত পাটকার জানিয়েছেন, সম্প্রতি হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের নেতাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছিলেন সুনীতা। তাতে বিজেপি সরকারের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। সেকারণেই তড়িঘড়ি তাঁকে বদলি করা হল। আসলে বিজেপি ও আরএসএসই সরকার পরিচালনা করছে। পুলিস সুপার সাওয়ান্তের বদলি সেই বিষয়টিকে ফের বেআব্রু করে দিয়েছে। 
Advertisement
যদিও বদলির সিদ্ধান্তকে ‘রুটিন’ বলেই দাবি সরকারের।  শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে এসপি সাওয়ান্তকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অ্যান্টি নারকোটিক্স সেলের দায়িত্বে থাকা তিকাম সিং ভার্মা। এর নেপথ্যে অন্য কোনও কারণ খোঁজার দরকার নেই। যদিও পুলিস সূত্রের খবর, ওয়্যারলেস মেসেজে সমস্ত থানাকে বজরং দলের নেতাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছিলেন সাওয়ান্ত। তারপরই তাঁকে বদলির নির্দেশ জারি হয়েছিল। তাই রাজ্য প্রশাসন যতই এই পদক্ষেপকে রুটিন বলে দাবি করুক, তা মানতে চাইছে না রাজনৈতিক মহল। এই ইস্যুতে কোনও মন্তব্য করতে চাননি রাজ্য পুলিসের ডিজি অলোক কুমার।
Advertisement
সম্পর্কিত সংবাদ