সংবাদদাতা, মানবাজার: তিনচাকা গাড়িতে গোরু পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল পুরুলিয়ার কেন্দা থানার পুলিস। শনিবার অভিযান চালিয়ে পুলিস তাদের গ্রেপ্তার করে। গাড়ি থেকে সাতটি বাছুর উদ্ধার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়া থানা ও পুরুলিয়ার মানবাজার থানা এলাকায়। রবিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে দু’জনের পুলিস হেফাজত ও বাকিদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার মানবাজার দিক থেকে একটি নম্বরবিহীন তিনচাকা গাড়ি বাছুর নিয়ে আসছিল। সন্দেহ হওয়ায় পুলিস গাড়িটি থামায়। পুলিস জানিয়েছে, ধৃতরা কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি। তারপরই তাদের গ্রেপ্তার করা হয়। গাড়িটি বাজেয়াপ্ত হয়েছে। উদ্ধার হয়েছে সাতটি বাছুর।



