Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর। দেহ মিলল ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে ১২ নম্বর জাতীয় সড়কে। বুধবার ভোরে ইটাহারের বাগবাড়ি এলাকার ঘটনা। মৃতের নাম বাদল পাল (৪০)। তাঁর ছেলে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বাড়িতে স্ত্রীর সঙ্গে থাকতেন বাদল। আড়ত থেকে মাছ কিনে গ্রামে গ্রামে মাছ বিক্রি করে সংসার চালাতেন বাদল। বুধবার একটি বিয়ের অনুষ্ঠানে মাছের অর্ডার ছিল তাঁর। সকালে অর্ডারের মাছ কিনতে ইটাহারের আড়তে আসার জন্য বাড়ি থেকে বের হন। জাতীয় সড়কে উঠতেই রায়গঞ্জমুখী একটি গাড়ি বাদলকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পথ দুর্ঘটনার আওয়াজে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। কিন্তু রাস্তায় চাদর ও জুতো পড়ে থাকলেও দেহ ঘটনাস্থলে পাওয়া যায়নি। এরপর জাতীয় সড়ক ধরে এগিয়ে যেতেই প্রায় ৪০০ মিটার দূরে চালুনিয়া এলাকায় রাস্তার উপরে ক্ষতবিক্ষত বাদলের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ইটাহার থানার পুলিস দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। গাড়িচালকের খোঁজ চালাচ্ছে পুলিস। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ কবিতা পাল। কেঁদে কেঁদে তিনি বলেন, অভাবের সংসারে একমাত্র উপার্জনের মানুষটাও চলে গেল।
Advertisement
সম্পর্কিত সংবাদ