সংবাদদাতা, ইটাহার: সাতসকালে একটি ছোট চারচাকা গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সব্জিবোঝাই টোটো। বরাতজোরে প্রাণে বাঁচলেও গুরুতর আহত টোটোচালক সহ সব্জি ব্যবসায়ী। শুক্রবার সকালে ইটাহারের কোয়ারপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। জখম সব্জি ব্যবসায়ীর নাম অনিমেষ মণ্ডল। বাড়ি ঠিলবিল এলাকায়। টোটোচালক নিমাই মণ্ডলের বাড়ি তারাঞ্চি এলাকায়। ইটাহারের পাইকারি বাজার থেকে সব্জি কিনে টোটোতে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন অনিমেষ। মালদহগামী একটি ছোট চারচাকা গাড়ি একটি লরিকে ওভারটেক করতে গিয়ে সব্জিবোঝাই টোটোর পিছনে ধাক্কা মারে। টোটোটি ভেঙে গিয়ে জাতীয় সড়কে সব্জি ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিস। পুলিস স্থানীয়দের সহযোগিতায় জখম টোটোচালক ও ব্যবসায়ীকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ব্যবসায়ীকে রায়গঞ্জ এবং টোটোচালককে মালদহ মেডিক্যালে রেফার করা হয়। দুর্ঘটনাগ্রস্ত টোটো ও চারচাকা গাড়িটিকে থানায় নিয়ে যায় পুলিস।