সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার সন্ধ্যায় মেটেলির চালসায় ১৭ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক হোমগার্ডের। মৃত পুলিস কর্মীর নাম অশ্বিনী রায় (৫৪)। তাঁর বাড়ি ক্রান্তিতে। তিনি মেটেলি থানায় হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন। এদিন সন্ধ্যায় নাগাদ তিনি চালসা পুলিস ক্যাম্প সংলগ্ন চালসা-নাগরাকাটামুখী জাতীয় সড়ক দিয়ে হেঁটে ফিরছিলেন। সে সময় নাগরাকাটা থেকে চালসার দিকে আসা একটি ছোট গাড়ি দ্রুত গতিতে এসে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। জাতীয় সড়ক থেকে ছিটকে পড়েন তিনি। পরবর্তীতে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে আসেন মেটেলি থানার আইসি মিংমা লেপচা। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।



