সংবাদদাতা, ঘাটাল: বৃহস্পতিবার রাতে চন্দ্রকোণা থানার রামজীবনপুরে পথ দুর্ঘটনায় দাদু ও নাতির মৃত্যু হল। মৃতদের নাম অরূপ মান্না(৫২) ও আগ্নিক দত্ত(আড়াই বছর)। পুলিস জানিয়েছে, অরূপবাবুর বাড়ি গোয়ালতোড়ে এবং আগ্নিকের বাড়ি শালবনীতে। ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার ময়নাতদন্ত করে মৃতদেহগুলি পরিজনদের হাতে তুলে দেওয়া হয়।আগ্নিকের বাবা প্রলয় দত্ত রামজীবনপুরে একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করেন। সেই কারণে তাঁরা বাড়ি ভাড়া নিয়ে ওই শহরে থাকেন। অরূপবাবু তাঁর মেয়ের বাড়ি গিয়েছিলেন। পুলিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে তাঁরা রামজীবনপুর বাসস্ট্যান্ডের কাছে হেঁটে ওষুধ কিনতে যাচ্ছিলেন। তখন একটি চারচাকা গাড়ি তাঁদের ধাক্কা মারলে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাঁদের রামজীবনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরুর আগেই দু’জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।



