সংবাদদাতা, মেদিনীপুর: গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাবা ও ছেলের। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ডেবরা বাজার এলাকায়। রাতে চিকিৎসা চলাকালীন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। মৃতরা হলেন পরিতোষ জানা(৪৯) ও গোবিন্দ জানা(১৯)। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার চন্দনগেড়িয়া গ্রামে। বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যদিও ঘাতক গাড়িটি নিয়ে চালক পলাতক। গোবিন্দবাবুর কাকা অভিজিৎ জানা বলেন, ভাইপো ডেবরার একটি বেসরকারি কলেজে বি ফার্ম নিয়ে পড়ত। সেখানে ভাড়া বাড়িতে থাকত। তার কিছু কাগজপত্র জমা দেওয়ার ছিল। সেই মতো দাদা ও বউদি কাগজপত্র নিয়ে ডেবরায় যান। সন্ধ্যায় সেইসব কাগজপত্র জেরক্স করানোর জন্য ভাইপো দাদাকে নিয়ে ডেবরা বাজারে যায়। ফিরে আসার সময় একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। তিনি বলেন, সামনে একটি লরিও ছিল। সেটা পাশ কাটাতে গেলে পিছন থেকে গাড়িটি এসে তাঁদের ধাক্কা মারে।



