সংবাদদাতা, ময়নাগুড়ি: গন্ডারের বিচরণভূমিতে গোরু চড়াতে গিয়ে ঘটলো বিপত্তি। হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে এল গন্ডার। আর সেই গন্ডারের আক্রমনে গুরুতর জখম হলেন এক প্রবীণ ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলঢাকা নদী সংলগ্ন কাশবন এলাকায়। জখম কালাটু রায় ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তার চোট গুরুতর থাকায় শিলিগুড়িতে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। গন্ডারের বিচরণভূমিতে গোরু চড়াতে নিষেধ করেছেন বনদপ্তরের কর্মীরা।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, কালাটু রায় রবিবার সকালে গোরু নিয়ে জলঢাকা নদী পেরিয়ে কাশবনের দিকে প্রবেশ করেন। সেই সময় কিছুটা দূরেই জমিতে কাজ করছিলেন দীপেন রায়। তিনি লক্ষ্য করেন, কালাটু রায় গোরু নিয়ে কিছুটা দূর গিয়ে হঠাত্ চিত্কার করে ওঠেন। সেই চিত্কার শুনে স্থানীয় এক ব্যক্তি দৌড়ে সেখানে যান। তাঁর কথায়, গোবর সংগ্রহ করার সময় হঠাত্ই গিয়ে দেখি এক ব্যক্তি সেখানে জখম অবস্থায় পড়ে রয়েছেন। এরপর স্থানীয়রা এসে জখমকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তাঁর চোট গুরুতর ছিল। সেজন্য গ্রামীণ হাসপাতাল থেকে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের লোকজন তাকে শিলিগুড়িতে নিয়ে গিয়ে একটি নার্সিংহোমে ভর্তি করেন। গোটা বিষয়ে নাথুয়া রেঞ্জের এক আধিকারিক বলেন, গোরুমারা থেকে গন্ডারটি এসেছিল। যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি গন্ডারের বিচরণের জায়গা। সেটা বনের জায়গা। সেখানে যাওয়া উচিৎ নয়। গ্রামবাসীদের এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। আমরাও বিষয়টি নিয়ে গ্রামে গ্রামে প্রচারে যাব। এদিকে জখমের ভাইপো দেবাশিস রায় বলেন, আমি ঘটনার খবর পেয়ে ছুটে আসি।



