Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোপগড়ে বন্ধ থাকা বনদপ্তরের কটেজ খোলার উদ্যোগ, সাজানোর কাজ শুরু 

গোপগড়ে বন্ধ থাকা বনদপ্তরের কটেজ খোলার উদ্যোগ, সাজানোর কাজ শুরু 
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : জঙ্গলে ঘেরা বনদপ্তরের পার্ক। লক্ষ লক্ষ টাকা খরচ করে কটেজ তৈরি হলেও দীর্ঘদিন ধরেই বন্ধ। অবশেষে মেদিনীপুরের গোপগড় হেরিটেজ ও নেচার ইকো ট্যুরিজম সেন্টারে ফের চালু হচ্ছে কটেজ পরিষেবা। মার্চ মাস থেকেই এই পরিষেবা পাবেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই কটেজগুলো ঢেলে সাজার কাজ চলছে। জঙ্গলমহলের বিভিন্ন ঐতিহ্যবাহী চিত্র কটেজের দেওয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে। বনদপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, প্রায় দেড় বছর বন্ধ ছিল কটেজগুলি। জঙ্গলে ঘেরা মনোরম পরিবেশে পর্যটকরা এসে থাকতে চান। সেকথা মাথায় রেখেই সেগুলি সংস্কারের কাজ চলছে।  বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘সারা বছর ধরেই বনদপ্তরের তরফে নানা উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। বিভিন্ন জেলায় পর্যটন শিল্পের বিকাশ করতে হবে। পর্যটকদের কথা মাথায় রেখে নানা পরিকল্পনা করা হচ্ছে।’
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহর থেকে কিছুটা দূরে প্রায় ৭৫ হেক্টর এলাকাজুড়ে রয়েছে গোপগড় হেরিটেজ ও নেচার ইকো ট্যুরিজম সেন্টার। এবছর শীতের মরশুমে ব্যাপক ভিড় হয়। ট্যুরিজম সেন্টারের ভিতরে বিশেষ ওয়াচ টাওয়ার, পিকনিক স্পট, ছোটদের খেলাধুলার নানা রসদ রয়েছে।  শোনা যায়, মেদিনীপুরে উঁচু টিলার উপর একটি দুর্গ তৈরি করেছিলেন এক রাজা। সেই দুর্গ সকলের কাছে গোপগড় নামে পরিচিত। পরবর্তী কালে ইংরেজরা দখল করে নিলকুঠি তৈরি করেছিলেন। তবে সেই সবের অস্তিত্ব আর নেই। তবে, ইকো পার্কের ভিতর লাল ইটের তৈরি ভবনটি ‘হেরিটেজ’-এর তকমা পেয়েছে। সেটি প্রায় দেড়শো বছরের পুরনো। জানা গিয়েছে,  ট্যুরিজম সেন্টারের ভিতরে ৬টি কটেজ রয়েছে। তার মধ্যে চারটি কটেজে এয়ার কন্ডিশনের ব্যবস্থা ছিল। বর্তমানে সব›কটি কটেজে এসি মেশিন বসানো হবে। অনলাইন মাধ্যমে কটেজ বুকিং করতে পারবেন পর্যটকরা। এছাড়া কটেজে থাকার ভাড়া সাধ্যের মধ্যেই রাখা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ