নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: কাঁচা ডিম না দেওয়ার ‘অপরাধে’ চ্যালাকাঠের আঘাতে অঙ্গনওয়াড়ি কর্মীর মাথা ফাটাল শিশুর অভিভাবক। শুক্রবার সকালে গোপীবল্লভপুর-১ ব্লকের গোপীনাথপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এঘটনা ঘটে। মধুমিতা সুঁই দাস নামে ওই মহিলা গুরুতর জখম অবস্থায় গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত নিরঞ্জন সাউয়ের বিরুদ্ধে গোপীবল্লভপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, সে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর মঙ্গলসূত্র নিয়েও পালিয়েছে। এই ঘটনার জেরে শনিবারও এলাকায় উত্তেজনা ছিল। ডিমের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীকে মারধর অভিভাবকরা মেনে নিতে পারছেন না। তাঁরা জানান, ওই কর্মী নিয়ম মেনে চলার চেষ্টাই করেছেন। শিশুর খাবারে অথবা অভিভাবকদের হাতে শুধু সেদ্ধ ডিম দেওয়ার নিয়ম রয়েছে। নিয়ম ভাঙলে শোকজ অথবা একমাসের মাইনে কেটে নেওয়া হয়। গোপীবল্লভপুর-১ এর বিডিও শ্যামসুন্দর মিশ্র বলেন, ওই অঙ্গনওয়াড়ি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেছি। স্থানীয় থানা ও সিডিপিওর অফিসের আধিকারিকদের সঙ্গেও কথা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। গোপীবল্লভপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার সকালে ঘটনার সূত্রপাত। রাঁধুনি না আসায় ওই অঙ্গনওয়ারী কর্মী নিজেই রান্নার দেখভাল করছিলেন। সেসময় নিরঞ্জন সাউ কেন্দ্রে এসে তার প্রাপ্য দু’টি কাঁচা ডিম চায়। মধুমিতাদেবী তাকে জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কাঁচা ডিম দেওয়ার নিয়ম নেই। একথা শুনেই সে ক্ষিপ্ত হয়ে ওঠে।



