নয়াদিল্লি, ১৮ এপ্রিল: সরকারি অনুমোদন নেই। জানা নেই উপকারিতা। অথচ বাজারে বিক্রি হচ্ছে দেদার। এমন ৩৫টি নির্দিষ্ট মাত্রার কম্বিনেশন বা ‘খিচুড়ি’ ওষুধ নিষিদ্ধ করল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিএসসিও)। এর মধ্যে আছে পেইনকিলার, নিউট্রিশিয়ন সাপ্লিমেন্ট ও ডায়াবেটিসের ওষুধ। এমন সমস্ত ওষুধের উৎপাদন, বিক্রি ও সরবরাহ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ড্রাগ কনট্রোলারদের নির্দেশ দিয়েছে সিডিএসসিও।
দেশে ওষুধের মান নির্ধারণের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও। তাদের এপ্রিল ২০২৫ সার্কুলারে বলা হয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি হচ্ছে ৩৫টি কম্বিনেশন ওষুধ। এই সমস্ত ‘খিচুড়ি’ ওষুধ তৈরিতে একটি নির্দিষ্ট মাত্রায় দুই বা তার বেশি অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস বা এপিআই ব্যবহার করা হয়। কিন্তু এই ওষুধগুলি কতটা সুরক্ষিত? তা পরীক্ষা না করেই বাজারজাত করা হয়েছে। এমনকী এমন ‘খিচুড়ি’ ওষুধের বিজ্ঞানসম্মত ভিত্তি নিয়েও সংশয় আছে। ফলে এই ওষুধগুলি ব্যবহার করলে বিপদ হতে পারে বলে আশঙ্কা সিডিএসসিও-র।