নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ায় এবার সরকারি অফিস-কাছারির ‘গেরুয়াকরণ’ শুরু হয়ে গেল। বাঁকুড়া রেঞ্জের ডিআইজি’র অফিস ভবনের রং সাদা ও গেরুয়া করা হয়েছে। ওই ভবনে থাকা সাইবার ক্রাইম থানার রং রাতারাতি বদলে গিয়েছে। সেখানেও গেরুয়া রঙের প্রলেপ পড়েছে। তৃণমূল জমানায় ওই ভবন ছিল নীল-সাদা। রাজ্যে পালাবদলের পর বাঁকুড়া শহরে এই প্রথম কোনো সরকারি ভবনে গেরুয়া রঙের প্রলেপ পড়ল। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। অনেকে ওই ভবনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশকে এনিয়ে প্রশ্ন করা হলেও তিনি কোনো উত্তর দেননি। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, সব থানা বা পুলিশের অন্যান্য ভবনে গেরুয়া রং করার কোনো নির্দেশ উপরমহল থেকে আসেনি। স্থানীয়ভাবেই ডিআইজি অফিস ভবনের রং সাদা ও গেরুয়া করা হয়েছে।
উল্লেখ্য, বাঁকুড়া শহরের মাচানতলা ট্রাফিক মোড়ের পাশেই ডিআইজি অফিস রয়েছে। আগে সেখানে পুলিশ সুপার এবং ডিএসপির(ডিআইবি) অফিস ছিল। পরে ওই ভবনকে ডিআইজি অফিস করা হয়। মাঝে কিছুদিন বাঁকুড়া রেঞ্জের আইজি সেখানে বসেছিলেন। ওই ভবনের নীচের তলায় রয়েছে সাইবার ক্রাইম থানা। জেলা কালেক্টরেটের গা ঘেঁষে থাকা ওই ভবন আগে নীল-সাদা রং ছিল। রাজ্যে পালবদলের পর ওই রং ক্রমশ ফিকে হতে থাকে। ফলে ভবনে নতুন রং করার প্রয়োজন ছিল। তবে এবার আর নতুন করে নীল-সাদা করা হয়নি। তার পরিবর্তে সেখানে সাদা ও গেরুয়া রং করা হয়েছে। এক পুলিশ কর্মী বলেন, আমার চাকরি জীবনে বাম, তৃণমূল ও বিজেপি জমানা দেখলাম। বাম আমলে রং নিয়ে তেমন কড়াকড়ি কিছু ছিল না। তবে তৃণমূল আমলে অন্যান্য সরকারি কার্যালয়ের সঙ্গে থানা ও পুলিশ আধিকারিকদের অফিস নীল-সাদা রং করা হয়। এবার সাদার সঙ্গে নীলের পরিবর্তে গেরুয়া রং করা হল। জেলায় এই প্রথম কোনো পুলিশের ভবনে গেরুয়া রঙের প্রলেপ পড়ল। ‘পরিবর্তন’ সর্বত্র টের পাওয়া যাচ্ছে। নীল-সাদা রং থেকে গেরুয়া-সাদা রং বাঁকুড়ার ডিআইজি অফিসের। -নিজস্ব চিত্র