স্কুলে পরিদর্শনের জন্য ৭১ লক্ষ টাকা সরকারি অনুদান, ডিআইদের মোবাইল কিনতে ১০ হাজার টাকা
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অর্পণ সেনগুপ্ত, কলকাতা: এবার স্কুল পরিদর্শনের জন্য সরকারি অনুদান পেলেন জেলা বিদ্যালয় পরিদর্শকরা। শুধু যাতায়াত খরচই নয়, একটি করে মোবাইল ফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে পেয়েছেন ডিআই-রা। সূত্রের খবর, শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকেই বিষয়টি আলোচনা হয়েছিল। এবার টাকা ছাড়া হল। মাধ্যমিক স্তরের ডিআইদের স্কুল পরিদর্শনের গাড়িভাড়ার জন্য মোট ২০ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। আর মোবাইল ফোন কেনার জন্য মোট ৭ লক্ষ ৩০ হাজার টাকা জেলাগুলিকে দেওয়া হয়েছে।

Advertisement

পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক অনিমেষ দেবনাথ বলেন, ‘এর আগে সেভাবে পরিদর্শনের জন্য সরকারি অর্থ পেতেন না ডিআইরা। একবার সমগ্র শিক্ষা অভিযানের কিছু টাকা দেওয়া শুরু হয়েছিল। তাও ছিল অনিয়মিত। অনেক তদবির করে বছরে পাঁচ-ছমাসের টাকা পেত কিছু জেলা। আবার অনেক জেলা তাও পেত না। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই।’ জানা গিয়েছে, মাধ্যমিক স্তরে পরিদর্শনের জন্য গাড়িভাড়া বাবদ জেলাগুলি ৫০ হাজার থেকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা করে পর্যন্ত পেয়েছে। প্রাথমিক স্তরে এই অঙ্ক আরও বেশি। কারণ, সেখানে ডিআই অফিসের পাশাপাশি টাকা পেয়েছে সার্কেল অফিসগুলিও। প্রাথমিক স্তরে সব মিলিয়ে অনুদানের অঙ্ক ৫০ লক্ষ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে এই খাতে রাজ্যের অনুদানের অঙ্ক ৭১ লক্ষ। 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন বিদ্যালয়ে পরিদর্শনের প্রয়োজনীয়তার কথা বারবার বলেছেন। এবার তাতে জোর দেওয়ার জন্য টাকা ছাড়া শুরু হল। একজন ডিআই বলেন, ‘এর আগে কিছুটা নিজেদের উদ্যোগে, কিছুটা সরকারি অর্থ ম্যানেজ করে পরিদর্শনে যেতে হত। এখন সেই সমস্যা থাকল না।’ নতুন সরকার ডেপুটি ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর পর্যায়ের আধিকারিকদেরও অন্তত একটি করে স্কুল পরিদর্শনের নির্দেশ দিয়েছে। ডিআইদের ক্ষেত্রে সেই সংখ্যা মাসে অন্তত দুটি। ফলে, এই টাকা যথাযথ কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে। 
তবে ফোন কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া নিয়ে দ্বিমত রয়েছে। পরিদর্শকদের মতে, সরকারি কাজ করার জন্য ১০ হাজার টাকার মোবাইল ফোন যথেষ্ট নয়। অন্তত আরও ১০ হাজার টাকা পকেট থেকে না দিলে যথাযথ মোবাইল ফোন হবে না। এক্ষেত্রে সেই দায়িত্বটা ডিআইদেরই নিতে হবে। কারণ, অনুদান যখন এসেছে, তার খরচও দেখাতে হবে। ১০ হাজার টাকা দিয়ে মোবাইল ফোন কিনে নেওয়া হলে তাতে কাজের কাজ কিছুই হবে না।