বুড়ুল থেকে ধর্মতলা ক্রমশ কমছে সরকারি বাস, ক্ষোভ
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: নোদাখালির বুড়ুল থেকে ধর্মতলা হয়ে হাওড়া পর্যন্ত সরকারি বাস পরিষেবা কার্যত ধুঁকছে। তৃণমূল সরকারের সময় এই বাস পরিষেবা চালু হয়েছিল। প্রথম পর্যায়ে সকালে দু’টি ও বিকেলে দু’টি বাস নোদাখালি থেকে হাওড়া যাতায়াত করছিল। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে বেড়ে ছ’টি বাস চলছিল। আগে প্রত্যন্ত গ্রামীণ এলাকা বুড়ুল থেকে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা ও হাওড়া যাতায়াতের জন্য পরিবহণের কোনো ব্যবস্থা ছিল না। নিত্যযাত্রীদের অভিযোগ, নতুন সরকার আসার পর দেড় দু’মাস বাস পরিষেবা ঠিক ছিল। কিন্তু তারপর ধীরে ধীরে তা কমতে থাকে। সকালের দিকে কখনও ৪টি কখনও ৩টি বাস ছাড়ে। বিকালে কোনো দিন একটা বাস পেলেও তার নিশ্চয়তা থাকে না। আগে হাওড়া থেকে বুড়ুল আসার বাস পাওয়া যেত। এখন তাও মেলে না। যাত্রীদের অভিযোগ, এর ফলে অনেক গাড়ি পাল্টে, অটো ধরে যাতায়াত করতে হচ্ছে। অনেক নিত্যযাত্রী একান্ত আলোচনায় বলছেন, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার পর অনেক বেশি মহিলা এখন সরকারি বাসে উঠছেন। ফলে টিকিট বাবদ আয় কমে গিয়ে সরকারের লোকসানও বেশি হচ্ছে। সেই লোকসান কমাতেই কি সরকারি বাস আরও কমিয়ে দেওয়া হল? এই প্রশ্নের উত্তরে এক বাসচালক বলেন, এটা বলতে পারব না। তবে বাস পরিষেবা যে কমেছে, সেটা দেখাই যাচ্ছে।  

Advertisement