Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া থেকে দীঘার সরকারি বাসের উদ্বোধন

সোমবার পুরুলিয়া থেকে দীঘা যাওয়ার সরকারি বাস উদ্বোধন হল। মূলত জঙ্গলমহলের বাসিন্দাদের দীঘার জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ করে দিতেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে বাসের উদ্বোধন করা হয়।

পুরুলিয়া থেকে দীঘার সরকারি বাসের উদ্বোধন
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: সোমবার পুরুলিয়া থেকে দীঘা যাওয়ার সরকারি বাস উদ্বোধন হল। মূলত জঙ্গলমহলের বাসিন্দাদের দীঘার জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ করে দিতেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে বাসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এসবিএসটিসি’র চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জেলার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) আদিত্য বিক্রম হিরাণী, পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রথমে ঠিক হয়েছিল, পুরুলিয়া থেকে রোজ সকাল ৬টা ৪৫মিনিটে বাসটি ছাড়বে। বান্দোয়ান, ঝাড়গ্রাম, হয়ে বাসটি কাঁথি পৌঁছবে। যদিও পরে বাসের রুট ও সময় পরিবর্তন করা হয়। এসবিএসটিসি’র পুরুলিয়ার ডিপো ইনচার্জ সুবীর দে বলেন, বাসের সময়সূচি এবং রুটে সামান্য পরিবর্তন আনা হয়েছে। বাসটি প্রতিদিন সকাল ৭টা ৫০মিনিটে পুরুলিয়া থেকে ছাড়বে। চাকলতোড়, মানবাজার, বান্দোয়ান, ঝাড়গ্রাম, লোধাশুলি, গুপ্তমণি, কেশিয়াড়ি, এগরা, কাঁথি হয়ে বিকেল ৩টে ৪৫মিনিট নাগাদ বাসটি দীঘায় পৌঁছবে। দীঘা থেকে রোজ ৬.৪৫মিনিটে একটি বাস একই রুটে পুরুলিয়ার উদ্দেশে রওনা দেবে। বাসের ভাড়া ২৪৫টাকা রাখা হয়েছে। এসবিএসটিসি’র চেয়ারম্যান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দীঘা রাজ্যবাসীর অন্যতম ফেভারিট ডেস্টিনেশনে পরিণত হয়েছে। জঙ্গলমহলের বাসিন্দাদের কথা মাথায় রেখে এই বাস চালু হল। জঙ্গলমহলে ১২৫-১৩০টি এসবিএসটিসির বাস চলে। আগামী দিনে আরও অন্তত ৩০টি বাস বাড়ানো হবে। জেলার পুলিস সুপার বলেন, আগে জঙ্গলমহলের সঙ্গে রাজ্যের অন্য প্রান্তের সাংস্কৃতিক মেলবন্ধনের সুযোগ ছিল না। এখন সেই যোগাযোগ উন্নত হচ্ছে। এই বাস পরিষেবা চালুর ফলে ঝাড়খণ্ডের বাসিন্দারাও দীঘার জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ পাবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ