নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা গড়তে রাস্তায় নামলেন ‘গোপাল ভাঁড়’। তাঁর সঙ্গে ছিলেন জোকার। মগরা-১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বাজারে ঘুরে ওই দু’জন মঙ্গলবার প্রচার করেন। অভিনব ওই প্রচারের উদ্যোগ নিয়েছিল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। এদিন ওই বিশেষ প্রচারে ব্যাপক সাড়া পড়েছিল। হাটেবাজারে কার্যত ভিড় জমে যায়। দোকানে দোকানে গিয়ে গোপাল অনুরোধ করেন, নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করবেন না। একই সঙ্গে গ্রাহকদের কাছেও নিষিদ্ধ প্লাস্টিক বর্জনের আবেদন রাখা হয়। মগরা-১ পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক বলেন, প্রশাসনের নির্দেশে নিষিদ্ধ প্লাস্টিক বিরোধী দিবস পালনের তৎপরতা শুরু হয়েছে। সেই প্রেক্ষিতেই এদিন গোপাল ভাঁড় ও জোকারকে দিয়ে একটি অভিনব প্রচার করা হয়েছে। মূলত, মানুষের দৃষ্টি আকর্ষণই লক্ষ্য ছিল। সেই কাজে আমরা অনেকটাই সফল। -নিজস্ব চিত্র



