কারাকাস: প্রযুক্তির অসামান্য উন্নতির সাক্ষী থাকল ভেনেজুয়েলা। বুধবার ভূমিকম্পে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশ। সরকারি স্তরে ভূমিকম্পের কোনো আগাম সতর্কতা ছিল না সেদেশে। কিন্তু ঘটনার কয়েক সেকেন্ড আগেই কয়েক লক্ষ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল। প্রযুক্তিবিদদের মতে, কোনো আগাম সতর্কতা ছাড়াই ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় শিয়রে শমন হিসাবে হাজির হয়। সেখানে কামাল করতে পারে এই প্রযুক্তি। কীভাবে এই অসম্ভবকে সম্ভব করল গুগল? বিশেষজ্ঞরা বলছেন, গুগল কোনো ভবিষ্যৎবাণী করেনি। তারা শুধু ঘটনা শনাক্ত করতে পেরেছিল। সেই বার্তাই পাঠানো হয়েছিল। প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে মোশন সেন্সর। ভূমিকম্পের সময় দ্রুত ভূমিকম্প তরঙ্গ পি-ওয়েভ নির্গত হয়। বিধ্বংসী এস-ওয়েভের থেকে এই তরঙ্গ হাজির হয় দ্রুত। সেন্সরের মাধ্যমে সেই ওয়েভ টের পেয়ে গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। কয়েক লক্ষ মানুষের মোবাইলে একই রকম ওয়েভ ধরা পড়তেই ভূমিকম্প নিয়ে নিশ্চিত হয়ে যায় গুগলের অ্যালগরিদম। এরপরেই সকলকে সতর্কবার্তা দেওয়া হয়।



