Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনা ব্যবসায়ীকে গুলি, গয়নার ব্যাগ ছিনতাই, ধাওয়া করল জনতা, বাইক, পিস্তল ফেলেই চম্পট দুষ্কৃতীদের

হাওড়ার জগৎবল্লভপুরে সোনা ব্যবসায়ী পল্লব সাহাকে গুলি করে গয়নার ব্যাগ ছিনতাই। স্থানীয়দের ধাওয়ায় দুষ্কৃতীরা পালায়। বিস্তারিত পড়ুন।

সোনা ব্যবসায়ীকে গুলি, গয়নার ব্যাগ ছিনতাই, ধাওয়া করল জনতা, বাইক, পিস্তল ফেলেই চম্পট দুষ্কৃতীদের
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জগৎবল্লভপুরে এক সোনার দোকানের মালিককে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। তাঁর সোনার গয়নার ব্যাগও ছিনতাই করা হয়। শনিবার রাতে পাতিহাল হাটতলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সোনার দোকানের মালিক পল্লব সাহাকে গুলি করে গয়নার ব্যাগ ছিনতাই করে পালায় চার দুষ্কৃতী। জনবহুল এলাকায় গুলির শব্দে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়লেও একটু পরেই স্থানীয় বাসিন্দারা ধাওয়া করেন দুষ্কৃতীদের। তখন একটি মোটরবাইক ও একটি আগ্নেয়াস্ত্র ফেলে রেখে পালিয়ে যায় তাঁরা। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় পৌনে ১০টা নাগাদ নিজের সোনা-রুপোর গয়নার দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন পল্লব সাহা। তখন একটি মোটরবাইকে চার দুষ্কৃতী সেখানে এসে তাঁর উপর হামলা চালায়। অভিযোগ, প্রথমে তাঁর কাছে থাকা গয়নার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাঁরা। বাধা দিতে গেলে আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখায় দুষ্কৃতীরা। এরপর তাঁর সঙ্গে থাকা দু’টি ব্যাগের মধ্যে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সুব্রত মালি জানান, ছিনতাইয়ের পর ‘চোর-চোর’ চিৎকার শুনে তাঁরা কয়েকজন দুষ্কৃতীদের ধাওয়া করেন। পাতিহাল হাটতলা পেট্রোল পাম্পের সামনে পালানোর সময় একটি বাইক থেকে এক দুষ্কৃতী পড়ে যান। এরপরই ধরা পড়ার ভয়ে তাঁরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তখন পল্লব সাহার পায়ে একটি গুলি লাগে। বেগতিক বুঝে দুষ্কৃতীরা একটি মোটরবাইক ও একটি দেশি পিস্তল ঘটনাস্থলেই ফেলে পাঁচিল টপকে পাশের মাঠ দিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইক ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই ডোমজুড়ে একই কায়দায় এক সোনার ব্যবসায়ীকে গুলি করে গয়নার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এর আগেও জগৎবল্লভপুরে দোকান বন্ধ করে ফেরার পথে এক সোনার ব্যবসায়ীর উপর হামলার ঘটনা সামনে এসেছিল। পরপর একই ধরনের ঘটনায় আতঙ্কে সোনার ব্যবসায়ীরা। তাঁদের দাবি, রাতের সময় পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি সোনার ব্যবসায়ীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হোক।

Advertisement
সম্পর্কিত সংবাদ