নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের মালিককে মারধর করে প্রায় ৭০ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না লুটের সাতদিনের মধ্যে কিনারা করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। বিহারের পাটনা থেকে এই ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লুট হওয়া ৪২৯ গ্রাম সোনা, ৪ কেজি ২০০ গ্রাম রুপোর গয়না এবং একটি ৭ এমএম পিস্তল। পুলিশ জানিয়েছে, লুট হওয়া সমস্ত গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ডাকাতির সময় ব্যবহৃত বাইকের হদিশ মেলেনি। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক আট দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
গত ৪ নভেম্বর সাঁকরাইলের ঝোড়হাটে একটি সোনার দোকানে তিন দুষ্কৃতী ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মালিককে মারধর করে। এরপর দোকানে থাকা বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না লুট করে চম্পট দেয় তারা। ঘটনার পরেই তদন্তে নামে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের গতিবিধি ও পরিচয় জানার চেষ্টা করেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই তদন্ত এগতে থাকে। প্রথমে তিনজনের একটি দল এই ডাকাতিতে জড়িত বলে সন্দেহ হলেও পরে সাতজনের একটি চক্রের সন্ধান পান গোয়েন্দারা। তদন্তে জানা যায়, ডাকাতির পর ওই সাতজন বিহারের পাটনায় গা ঢাকা দিয়েছে। সেখানে লুটের গয়না বিক্রি করে অন্যত্র পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিল তারা। এরপরেই পাটনায় অভিযান চালান গোয়েন্দারা। বুধবার রাতে ধৃতদের ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয়।
ধৃতদের মধ্যে অজিত পাসোয়ান পাটনার বাসিন্দা। তার গোপন ডেরাতেই বাকিরা আশ্রয় নিয়েছিল। বাকি ছ’জনের মধ্যে হাওড়া ও উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া এলাকার বাসিন্দারা রয়েছে। ধৃতদের নাম অরিন্দম মজুমদার, নীরজ কুমার কুশওয়াহা, অজিত পাসোয়ান, আশুতোষ মিশ্র, নুরুল হক, ভাস্কর সিং ও অভিষেক পাণ্ডে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে হাওড়া সিটি পুলিশের ডিসি (ডিডি) রাহুল মিশ্র জানান, এই ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করার পাশাপাশি লুট হওয়া প্রায় ৭০ লক্ষ টাকার সমস্ত গয়না উদ্ধার করা গিয়েছে। ধৃতদের সঙ্গে অন্য ডাকাতি বা অপরাধের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।



