সংবাদদাতা, রায়গঞ্জ: সোনার দোকানের শাটার ভেঙে লক্ষাধিক টাকার অলঙ্কার চুরি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে রায়গঞ্জের পানিশালা হাট এলাকার ঘটনা। বুধবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় পানিশালা হাটে। সেখানে ভাড়া নিয়ে সোনার দোকান করেন সুভাষগঞ্জের বাসিন্দা দিলীপ সাহা। বুধবার সকালে স্থানীয়রা দেখেন দোকানের শাটার ভাঙা। এবং বাইরে তিনটি তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। দোকানের বেশকিছু সামগ্রী বাইরে ছড়িয়ে ছিটিয়ে। সঙ্গে সঙ্গে দোকানের মালিককে খবর দেওয়া হয়।
স্বর্ণ ব্যবসায়ী দিলীপ বলেন, মার্কেট থেকে ফোন করে বলা হয় আমার দোকানে চুরি হয়েছে। শাটার ভাঙা অবস্থায় দোকানের ভিতরে ঢুকে দেখি, লকারের বাইরে যেসমস্ত সোনা ও রুপোর অলঙ্কার ছিল, সবই চুরি করে পালিয়েছে চোর। যেসময় চুরি হয়েছে, সেইসময় এলাকায় বিদ্যুৎ ছিল না। তাই সিসি ক্যামেরায় চোরেদের মুখ স্পষ্ট নয়।
এই দোকান চালিয়েই সংসার চলত দিলীপের। দোকানের লক্ষাধিক টাকার সামগ্রী চুরি যাওয়ায় দুশ্চিন্তায় তিনি। পুলিসের কাছে দ্রুত ওই অলঙ্কার উদ্ধারের আবেদন জানিয়েছেন দোকানদার।
মার্কেটের মধ্যে এভাবে দোকানের শাটার ভেঙে চুরির ঘটনায় আতঙ্কিত অন্য ব্যবসায়ীরা। সেখানকার বাপি দাস বলেন, আমাদের এখানে অনেক দোকান রয়েছে। আরও সোনার দোকান রয়েছে। মার্কেট চত্বরে পুলিসের আরও বেশি নিরাপত্তা বাড়ানো দরকার।
কিছুদিন আগে রায়গঞ্জ শহরে রাতে এটিএম লুট হয়েছিল। রায়গঞ্জে গত দেড় মাসে পরপর বেশ কয়েকটি চুরির ঘটনায় পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।