চেন্নাই: প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও সরকারি হাসপাতালে সন্তান প্রসবকে উৎসাহ দিতে নয়া প্রকল্প চালু করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সরকারি হাসপাতালে জন্মগ্রহণ করা নবজাতকদের সোনার আংটি উপহার দিলেন তিনি। সোমবার মাদুরাইয়ের রাজাজি হাসপাতালে থেকে এই প্রকল্পের সূচনা করেন মু্খ্যমন্ত্রী। প্রকল্প চালু হতেই পালটা সুর চড়িয়েছে বিজেপি। রাজ্যে দুধের ঘাটতির অভিযোগ তুলে বিজয় সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে পদ্মশিবির। বিজেপি নেত্রী তামিলসাই সুন্দররাজন বলেন, ‘শিশুদের সোনার গয়নার থেকে গুণমান সম্পন্ন দুধ বেশি প্রয়োজন। সরকারের উচিত সেদিকে বেশি করে নজর দেওয়া।’



