নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধনতেরসের আগেই সুখবর। গত কয়েকদিন ধরেই লাগাতার পড়ছে সোনার দাম। আজ, সোমবারও সেই ধারা অব্যাহত রয়েছে। এদিন ফের কমল সোনার দাম। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তালিকা অনুযায়ী শহর কলকাতায় আজ পাকা সোনা বাটের দাম (১০ গ্রাম) ১ লক্ষ ৩৭ হাজার ৯৫০ টাকা। গত শনিবার এই দাম ছিল ১ লক্ষ ৩৮ হাজার ২৫০ টাকা। অক্টোবরের শেষ তারিখে পাকা সোনার বাটে (খুচরো) দাম ছিল ১ লক্ষ ৩৮ হাজার ৯৫০ হাজার টাকা। আজ সেই দাম কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৬৫০ হাজার টাকায়। এর পাশাপাশি কমেছে হলমার্ক সোনার দামও। ৩১ অক্টোবর ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার (৯১৬) দাম ছিল ১ লক্ষ ৩২ হাজার ১০০ টাকা। সেই দাম আজ কমে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৮০০ টাকা। তবে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান রেট অনুযায়ী রুপোর দামে কোনো পরিবর্তন হয়নি। গত শনিবার রূপোর বাট এবং রূপো খুচরোর প্রতি কেজি দাম ছিল যথাক্রমে ১ লক্ষ ৮৩ হাজার ৩৫০ এবং ১ লক্ষ ৮৩ হাজার ৪৫০ টাকা। এদিনও সেই দাম অপরিবর্তিত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় সোনার বাজার মূলত প্রভাবিত হয় আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির ওঠানামা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত বিষয়ের উপর। এর ফলে বিশ্ববাজারে সোনার দামে তারতম্য দেখা দিলেও তার সরাসরি প্রভাব পড়ে ভারতীয় বাজারেও। তবে অনেক গ্রাহকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে দীপাবলির আগে কী তাহলে সোনার দাম আরও কমতে পারে? এই বিষয়ে অবশ্য কোনো নিশ্চয়তা দিতে পারেননি বিশেষজ্ঞরা। দীপাবলির আগে দেশে সোনার দাম উর্ধ্বমুখী হবে নাকি নিম্নমুখী তার নেপথ্যে অভ্যন্তরীন কোনো কারণ নেই। বরং আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠা-নামা এবং চাহিদার উপরেই তার মূল্য অনেকখানি নির্ভর করবে। অনেক গ্রাহক আবার সোনার দাম এক লক্ষ টাকার নীচে যাবে এই আশায় দিন গুনছেন। কিন্তু তাতে কার্যত জল ঢেলে বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছেন, এই সম্ভাবনা আপাতত প্রায় নেই বললেই চলে। কারণ সোনার দাম ১ লক্ষ টাকার নীচে যেতে হলে আগামী ২-৩ দিনে সোনার দামে বড়সড় পতন হতে হবে। আপাতত তা হওয়ার আশা নেই বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, সোনার দামে পতনের ফলে ধনতেরসে ভালো বিক্রিবাটা হবেই বলেই মনে করছেন গয়না ব্যবসায়ী এবং বিক্রেতারা।



