ইপিএফও-র বড়ো ঘোষণা! এবার হোয়াটসঅ্যাপেই জানা যাবে পিএফ ব্যালেন্স
  • ২ নভেম্বর, ২০২৬ ১২:২৩
Prefer us on Google

নয়াদিল্লি, ২ নভেম্বর: মাস শেষে বা যেকোনো সময় পিএফ ব্যালেন্স চেক করতে বার বার ওয়েবসাইটে গিয়ে লগ ইন, লগ আউট করার দিন শেষ। এবার নিজের পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে বা পাসবুক দেখতে আর ইপিএফও ওয়েবসাইটে গিয়ে লগ ইন করার দরকার নেই। শুধু আপনার ফোনের হোয়াটসঅ্যাপে একটি 'হাই' পাঠালেই কেল্লা ফতে! কয়েক মুহূর্তে জেনে নেওয়া যাবে অ্যাকাউন্টের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্য এই নতুন ডিজিটাল পরিষেবার সূচনা করেছেন বলে জানা গিয়েছে। এর ফলে দেশের লক্ষ লক্ষ ইপিএফও সদস্যের কাছে পিএফ সংক্রান্ত পরিষেবা আরো সহজলভ্য হবে। 

Advertisement

এতদিন পিএফ ব্যালেন্স দেখা কিংবা পাসবুক ডাউনলোড করার জন্য পোর্টালে যেতে হত গ্রাহকদের। কিন্তু নতুন ব্যবস্থায় সেই ঝামেলা অনেকটাই কমতে চলেছে। এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টের তথ্য জানতে পারবেন সদস্যরা। এমনকী সাম্প্রতিক পাঁচটি লেনদেনের বিবরণও দেখা যাবে এই পরিষেবার মাধ্যমে। এই সুবিধা পেতে গ্রাহকদের নিজস্ব হোয়াটসঅ্যাপ থেকে +918796441800 নম্বরে মেসেজ পাঠাতে হবে। তবে মেসেজ পাঠানোর ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে। যে মোবাইল নম্বর থেকে মেসেজ পাঠানো হবে, সেটি অবশ্যই সংশ্লিষ্ট UAN নম্বরের সঙ্গে রেজিস্টার করা থাকতে হবে। ওই নম্বরে গিয়ে 'Hi' অথবা 'Hello' লিখে মেসেজ পাঠালেই শুরু হবে প্রক্রিয়া। এরপর ইপিএফও-এর চ্যাটবটের তরফে একটি উত্তর আসবে। সেখানে দেওয়া নির্দেশ অনুসরণ করে UAN সংক্রান্ত তথ্যের মাধ্যমে মোবাইল ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। যাচাইকরণ প্রক্রিয়া শেষ হলে চ্যাটবটের মেনুতে বিভিন্ন পরিষেবার বিকল্প দেখা যাবে। সেখান থেকেই নিজের প্রয়োজন অনুযায়ী অপশন বেছে নিয়ে অ্যাকাউন্টের ব্যালেন্স, সাম্প্রতিক পাঁচটি পেমেন্টের বিবরণ এবং পাসবুক সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি পাসবুক ডাউনলোড করার সুবিধাও থাকবে। এমনই তথ্য দেওয়া হয়েছে ইপিএফও-এর সমাজমাধ্যমের একটি পোস্টে।