সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়ার পর এবার রাজাপুর। রাতে সোনার দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় দোকানের মালিকের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার অলংকার ও নগদ টাকা সহ ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে। এমনকী ছিনতাই করে পালানোর সময় শূন্যে এক রাউন্ড গুলি ছোড়ার ও অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে, রাজাপুর থানার বাসুদেবপুর রামনগর এলাকায়। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে রাজাপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামনগর এলাকার বাসিন্দা বিপ্লব ভুঁইয়ার খালিশানী কালীমন্দির সংলগ্ন এলাকায় একটি সোনার দোকান আছে। রোজের মতো শনিবার রাত ৯টা নাগাদ তিনি সোনার দোকান বন্ধ করে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তাঁর বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে চার দুষ্কৃতী অপেক্ষা করছিল। বিপ্লববাবু সেখানে আসতেই দুষ্কৃতীরা তাঁর পথ আটকে কপালে আগ্নেয়াস্ত্র ঠেকায়। এরপর হাতে থাকা অলংকার ও নগদ টাকা সহ ব্যাগটি ছিনতাই করে দুটি বাইকে চেপে পালিয়ে যায়। এমনকী ব্যবসায়ী চিৎকার করলে দুষ্কৃতীরা শূন্যে এক রাউন্ড গুলিও ছোড়ে।
পরে খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পদস্থকর্তারাও গিয়ে তদন্তে নামেন। বাবলু ভুঁইয়া জানান নামে এলাকারই এক বাসিন্দা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় কপালে পিস্তল ঠেকিয়ে দুষ্কৃতীরা আমার কাছ থেকে ব্যাগ ছিনতাই করে পালায়। বাবলুবাবুর এক আত্মীয় যদুনাথ ভুঁইয়া জানান, বাজার করে ফেরার সময় দেখি বাবুল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আর দুষ্কৃতীরা শূন্যে গুলি ছুড়ে পালিয়ে যায়।
অন্যদিকে, এই ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান, প্রাথমিকভাবে আমাদের অনুমান দুষ্কৃতীরা হয় শূন্যে গুলি ছুড়েছে, অথবা তাঁদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে কোনোভাবে গুলি বেরিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রসঙ্গত, মাসখানেক আগে উলুবেড়িয়া থানার ১১ ফটক এলাকায় এইভাবে রাতে দোকান বন্ধ করার সময় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে সোনার অলংকার সহ ব্যাগ ছিনতাই করে পালিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করতে পারলেও এখনও ছিনতাই হওয়া অলংকার উদ্ধার করতে পারেনি। -নিজস্ব চিত্র