খুচরো ঋণে সবাইকে ছাপিয়ে গেল গোল্ড লোন, একবছরে বৃদ্ধি ৬৬%
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ির বা গাড়ির ঋণ নয়। ফ্রিজ-টিভি কেনার জন্যও নেওয়া ধার নয়। খুচরো ঋণের বাজারে এখন সবচেয়ে দ্রুত ছুটছে সোনার বিনিময়ে নেওয়া ঋণ বা গোল্ড লোন। মায়ের হাতের বালা, স্ত্রীর গলার হার, বাবার আমলের সোনার চেন—ঘরে পড়ে থাকা সেই সোনা বন্ধক রেখেই এখন সবচেয়ে বেশি টাকা ধার নিচ্ছেন সাধারণ মানুষ। আর সেই ভরসাতেই লাফিয়ে বাড়ছে ব্যাংক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফসিগুলির ঋণ ব্যবসা। ক্রেডিট রেটিং সংস্থা কেয়ারএজের রিপোর্টে এই ছবিটাই সবচেয়ে স্পষ্ট। 

Advertisement

গত একবছরে এনবিএফসিগুলির সোনার ঋণ বেড়েছে ৬৬.১ শতাংশ। একবছর আগে এই বৃদ্ধি ছিল ৫০.৭ শতাংশ। অর্থাৎ গোল্ড লোনের তেজি বাজার এবার  আরও জোরালো 
হয়েছে। সোনা বন্ধক দিয়ে ঋণ দাঁড়িয়েছে ৩.৭ লক্ষ কোটি টাকা। একবছর আগে তা ছিল ২.৩ লক্ষ কোটি টাকা। মাত্র একবছরে বেড়েছে ১.৫ লক্ষ কোটি টাকা। খুচরো ঋণের সব ক্ষেত্রগুলির মধ্যে এটাই সবচেয়ে বেশি বৃদ্ধি। কনজিউমার ডিউরেবলস, অর্থাৎ টিভি, ফ্রিজ, মোবাইল, এসি কেনার ঋণ বেড়েছে ৫৪.৪ শতাংশ, একবছর আগে ছিল ২২.২ শতাংশ। গাড়ির ঋণ বেড়েছে ১৬.১ শতাংশ, একবছর আগে ছিল ১৪.৯ শতাংশ, বাড়ির ঋণ বেড়েছে ১২.৬ শতাংশ। আগে বৃদ্ধির হার ছিল ১০ শতাংশ। সব মিলিয়ে খুচরো ঋণ একবছরে বেড়েছে ২১.৯ শতাংশ। একবছর আগে তা ছিল ১৬.৮ শতাংশ। অর্থাৎ খুচরো ঋণের গড় বৃদ্ধির তিনগুণেরও বেশি বেড়েছে সোনার ঋণ।
কেন এত মানুষ সোনা বন্ধক রেখে ঋণ নিচ্ছেন? সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে সময় লাগে, কাগজপত্র লাগে, ক্রেডিট স্কোর লাগে। সোনার ঋণে সে ঝামেলা নেই। সোনা দিলেই আধ ঘণ্টায় টাকা। ফলে উৎসবে খরচ, ছেলেমেয়ের পড়াশোনা, চিকিৎসা, ছোটো ব্যবসার পুঁজি, বিয়ের খরচ বা হঠাৎ টাকার দরকারে মানুষের প্রথম ভরসা এখন ঘরের সোনা। তার উপর সোনার দাম চড়া থাকায় একই সোনায় আগের থেকে বেশি টাকা পাওয়া যাচ্ছে। এটাও ঋণ বৃদ্ধির একটা বড়ো কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 
তবে কেয়ারএজ-এর ডিরেক্টর সৌরভ ভালেরার কথায়, সোনার দাম যদি হঠাৎ পড়ে যায়, তাহলে ঋণ দেওয়া টাকা আর সোনার দামের ফারাক বড়ো ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। এই দিকটি ঋণদাতাদের খেয়াল রাখা জরুরি।