Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

৯৫ হাজারের সীমা পেরিয়ে ফের রেকর্ড সোনার, বাড়ছে রুপোও

আমেরিকার শুল্কযুদ্ধের আবহে ফের নতুন রেকর্ড গড়ল সোনার দর। তার জেরে ৯৫ হাজারের সীমানা পার করে ৯৬ হাজারের দিকে আরও এক ধাপ এগল হলুদ ধাতু।

৯৫ হাজারের সীমা পেরিয়ে ফের রেকর্ড সোনার, বাড়ছে রুপোও
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমেরিকার শুল্কযুদ্ধের আবহে ফের নতুন রেকর্ড গড়ল সোনার দর। তার জেরে ৯৫ হাজারের সীমানা পার করে ৯৬ হাজারের দিকে আরও এক ধাপ এগল হলুদ ধাতু। বুধবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর পৌঁছয় ৯৫ হাজার ৭০০ টাকায়। মঙ্গলবার বাজারে সোনার দর ছিল ৯৩ হাজার ৯০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। অর্থাৎ একদিনের তফাতে দর এক ধাক্কায় ১ হাজার ৮০০ টাকা বেড়েছে। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন পৌঁছে গিয়েছে ৮৯ হাজার ২৫০ টাকায়। এদিন দিল্লিতে ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দর যায় ৯৮ হাজার ১০০ টাকা। এদিন রাজধানীতেও রেকর্ড গড়ে সোনা। এই দরগুলির সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ হারে জিএসটি। সেই হিসেবে দিল্লিতে এক লক্ষ টাকার বেশি দাম দিয়ে ১০ গ্রাম সোনা কিনতে হবে ক্রেতাদের। 

Advertisement

সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। বুধবার কেজি প্রতি খুচরো রুপোর দর কলকাতায় ছিল ৯৭ হাজার ৬০০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা পণ্য আমদানির উপর শুল্ক চাপিয়েই চলেছে। অতি সম্প্রতি চীনের অধিকাংশ পণ্যের উপর ২৪৫ শতাংশ শুল্ক চাপানো তারই অংশ। এই শুল্ক-যুদ্ধ কোথায় থামবে, কেউ জানে না। 
বিশেষজ্ঞরা বলছেন, শুল্কযুদ্ধের ক্ষেত্রে যতক্ষণ না স্থিতাবস্থা জারি হবে, ততক্ষণ সোনার দামে লাগাম পরানো কঠিন। কারণ, বাজার যত অশান্ত হয়ে থাকছে, ততই তুলনামূলক কম ঝুঁকির বিনিয়োগ হিসেবে সোনায় লগ্নি বাড়াচ্ছেন বিনিয়োগকারীরা। তাতে বিশ্বজুড়েই সোনার চাহিদা বাড়ছে। তারই সঙ্গে দোসর হয়েছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনা কেনার প্রবণতা বৃদ্ধি। কলকাতায় সোনার দর কবে এক লক্ষ টাকার সীমা ছোঁয়, এখন সেদিকেই নজর রাখছেন অনেকেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ