অযোধ্যা: বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের অযোধ্যা-লখনউ জাতীয় সড়কের রোনাহি টোলপ্লাজার কাছে অভিযান চালাল পুলিশ ও জিএসটি বিভাগ। একটি স্পোর্টস কার থেকে বাজেয়াপ্ত করা হল প্রায় সাড়ে তিন কুইন্টাল রুপো, রুপোর গয়না ও সোনা। গাড়ির চালককে এনিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কোটি টাকারও বেশি এই সামগ্রী সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এদিন দুপুরে গোপন সূত্রে সোনা-রুপো পাচারের খবর পায় জিএসটি বিভাগ। তারপরই পুলিশকে সঙ্গে নিয়ে রোনাহি টোলপ্লাজার কাছে পৌঁছান আধিকারিকরা। একের পর এক গাড়িতে চলে তল্লাশি। সেইসময় স্পোর্টস কার থেকে এই বিপুল পরিমাণ সোনা-রুপোর হদিশ মিলেছে।



