নয়াদিল্লি: আশঙ্কা ছিলই। সোমবার বাজার খুলতেই হুড়মুড়িয়ে গোত্তা খেল শেয়ার সূচক। ইরানে মার্কিন-ইজরায়েলি যৌথ হামলার পর যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। এর জেরে দাম চড়েছে অশোধিত তেলের। মর্হাঘ্য হয়েছে ডলার। টালমাটাল সারা বিশ্বের শেয়ার বাজার। ভারতেও তার ব্যতিক্রম হল না। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স নেমেছে এক শতাংশের বেশি। জাতীয় শেয়ার সূচক নিফটিতেও ১.২৪ শতাংশ ধস নেমেছে।
মার্কিন-ইজরায়েলি হামলার মুখে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ করে দিয়েছে ইরান। তার জেরে গোটা বিশ্বেই ধাক্কা খেতে পারে জ্বালানি সরবরাহ। এই নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। ট্যাঙ্কার পরিবহণ ব্যাহত হওয়ায় এদিন বিশ্ববাজারে অশোধিত তেলের দাম অনেকটাই চড়েছে। মার্কিন তেলে ৭.৪ শতাংশ বেড়ে হয়েছে প্রতি ব্যারেলে ৭১.৯৭ ডলার। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ব্রেন্টের দরও ৭.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলে ৭৮.৪৬ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে নিরাপদ লগ্নি হিসেবে সোনার দামও লাফ দিয়েছে। প্রতি আউন্স সোনার দাম ২.৬ শতাংশ বেড়ে হয়েছে ৫ হাজার ৪১৩ ডলার। আর এই সামগ্রিক অনিশ্চয়তা ছায়া ফেলল সারা বিশ্বের শেয়ার বাজারেই। ভারতেও বাজার খোলার পরই ধস নামে সেনসেক্সে। প্রায় ২,৭৪৩.৪৬ পয়েন্ট বা ৩.৩৭ শতাংশ কমে সূচক ৭৮,৫৪৩.৭৩ অঙ্কে নেমে আসে। পরে তা কিছুটা শুধরে নেয় সেনসেক্স। দিনের শেষে ১,০৪৮.৩৪ পয়েন্ট কমে ৮০,২৩৮.৮৫ পয়েন্টে থিতু হয়। নিফটিও দিনের শেষে ৩১২.৯৫ পয়েন্ট কমে শেষ করে ২৪,৮৬৫.৭০ পয়েন্টে।
পাল্লা দিয়ে পড়েছে টাকার দরও। এদিন ৪২ পয়সা কমে প্রতি ডলারে ভারতীয় মুদ্রার দাম হয়েছে ৯১.৫০ টাকা (প্রভিশনাল)।