নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্যামনগর কালীবাড়ি লাগোয়া টেগোর টেম্পল রোডে রাতের অন্ধকারে পরপর তিনটি দোকানের তালা ভেঙে চুরি। শুক্রবার রাতে পাশাপাশি থাকা দু’টি সোনার দোকান এবং একটি ব্যাগের দোকানে চুরি হয়। দোকানের মালিকদের দাবি, সোনা-রুপোর গয়না, মূল্যবান পাথর ও নগদ মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী খোয়া গিয়েছে।
একটি সোনার দোকানের মালিক তারক রায় বলেন, ‘সকালে পাশের দোকানের এক কর্মী ফোন করে চুরির কথা জানান। এসে দেখি শাটারের তালা খোলা। দোকান লন্ডভন্ড।’ তাঁর দাবি, দোকান থেকে ৪০ গ্রামেরও বেশি সোনা, প্রায় ৪ লক্ষ টাকার পাথর এবং ৫৫ হাজার টাকা নগদ চুরি গিয়েছে। আর একটি সোনার দোকানের মালিকের দাবি, সোনা-রুপোর গয়না ও নগদ মিলিয়ে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অভিযোগ, চোরেরা দোকানের শাটারের তালা ভাঙার পাশাপাশি সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয়। ঘটনাস্থলে যান জগদ্দলের এসিপি রাজশ্রী শঙ্কর বণিক এবং জগদ্দল থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের এই বাজারে রাতে নিরাপত্তারক্ষী থাকেন। তা সত্ত্বেও পাশাপাশি তিনটি দোকানে কিভাবে চুরি হল তা নিয়ে প্রশ্ন উঠছে।