মুম্বই: মহারাষ্ট্রের কোলাপুরের গোকুল ডেয়ারির ভোটে কারচুপির অভিযোগ। বৃহস্পতিবার এনিয়ে সুর চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতার তোপ, সরকার মনোনীত ডিরেক্টর বসিয়ে জনাদেশ চুরির চেষ্টা চালিয়েছে বিজেপি। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তাঁর দাবি, আইন মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৮ অক্টোবর গোকুল ডেয়ারি কো-অপারেটিভ নির্বাচনে ২৫টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী হয় বিরোধীদের প্যানেল। সংশ্লিষ্ট প্যানেলের নেতৃত্বে ছিলেন কংগ্রেসের বিধান পরিষদ সদস্য সতেজ পাতিল। এর পরেই একটি প্রস্তাব পাশ করেছে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। প্রস্তাব অনুযায়ী, কো-অপারেটিভ বোর্ডে পাঁচজন ডিরেক্টর নিযুক্ত করবে সরকার। এর মধ্যে চারজন ভোটাধিকার পাবেন। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন রাহুল। তাঁর অভিযোগ, দুধ নির্মাতাদের ভোট চুরি করা হয়েছে। জনাদেশের সঙ্গে জল মেশানো হয়েছে। এক্স হ্যান্ডলে রাহুলের তোপ, ‘গোকুলে দুধ নির্মাতারা বিজেপিকে হারিয়েছেন। তাই নির্বাচনের পর নিয়ম পালটে চারজন ডিরেক্টরকে নিয়ে এল পদ্মশিবির। সদস্য সংখ্যা ১২ থেকে ১৬ করে সংখ্যাগরিষ্ঠতা চুরি করছে। এটা ভোটচুরি ছাড়া কিছুই নয়। ক্ষমতা বাঁচাতে মরিয়া বিজেপি। তবে মনে রাখবেন, কৃষকরা কিছুই ভোলেন না।’ পালটা রাহুলকে কটাক্ষ করেছেন ফড়নবিশ। অন্যদিকে, আগামী ৯ নভেম্বর মহাযুতি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছেন পাতিল।



