নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাটের কাঁটালিতে ঐতিহ্যবাহী প্রাচীন সিদ্ধেশ্বরী কালীমন্দিরে চুরির অভিযোগ উঠেছে। সোমবার সকালে এই ঘটনায় চঞ্চল্য ছড়িয়েছে। মন্দিরের দরজার তালা ভেঙে চুরি হয় বলে অভিযোগ। বিভিন্ন অলঙ্কার সহ নানা বহুমূল্যের বাসনপত্র চুরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা গোঘাট থানায় খবর দেন। পুলিস জানিয়েছে, চুরির অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মন্দিরের পুরোহিত শৈলেন চক্রবর্তী বলেন, এদিন ভোরে মন্দিরে আসতেই দেখি দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। মন্দিরে ঢুকে দেখি মায়ের মূর্তির অলংকারগুলি নেই। সেগুলি ভক্তরাই মাকে দিয়েছিলেন। এছাড়াও মন্দিরে প্রায় ৫০ কেজি ওজনের বাসন ছিল। সেগুলিও খোয়া গিয়েছে। তার সঙ্গে প্রণামী বাক্সতে থাকা নগদ টাকাও নিয়ে গিয়েছে। আমরা চাই পুলিস ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক।



