সাও পাওলো: বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনার বিরুদ্ধে মাঠে নামার আগে ফের ধাক্কা খেল ব্রাজিল। চোটের কারণে ছিটকে গেলেন দলের এক নম্বর গোলরক্ষক আলিসন বেকার। গত ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে শূন্যে বল দখলের লড়াইয়ে মাথায় চোট পেয়েছিলেন এই গোলরক্ষক। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন তিনি। তাঁর পরিবর্তে বাকি সময় তিনকাঠির নীচে দায়িত্ব সামলান বেন্তো। মেডিক্যাল পরীক্ষার পর আলিসনকে জাতীয় শিবির থেকে রিলিজ করে দেওয়া হয়। ব্রাজিল থেকে শনিবার লিভারপুলে চলে আসেন তিনি। ফলে আর্জেন্তিনার বিরুদ্ধে গোলরক্ষক পজিশন নিয়ে বেশ চিন্তায় ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র। উল্লেখ্য, চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন দলের আর এক গোলরক্ষক এডারসন। ফলে আর্জেন্তিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের তৃতীয় গোলরক্ষক বেন্তোর উপরই ভরসা রাখতে হবে ব্রাজিল কোচকে।



