নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় শুনানি পর্ব চলবে ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ পর্যন্ত। ফলে শুনানি প্রক্রিয়ায় দিনক্ষণ আরো বাড়িয়েছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটেই এদিন সন্ধ্যায় কালীঘাটে নিজের বাসভবনে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র। সেই নিরিখে এদিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দলের কাউন্সিলর এবং বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠক করেন মমতা। দলীয় সূত্রে খবর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এস আই আর শুনানি প্রক্রিয়ার চলবে আগামী ১৪ তারিখ পর্যন্ত।
ফলে এই সময়ের মধ্যে যাঁদেরকে নির্বাচন কমিশন ডাকবে, তাঁদের পাশে সর্বতোভাবে থেকে সাহায্য করতে হবে। শুনানিতে যাঁদের ডাকা হচ্ছে, তাঁরা যাচ্ছেন কিনা, কোনো অসুবিধা রয়েছে কিনা, কাগজপত্র জনিত কোনো সমস্যা রয়েছে কিনা, সবদিক নজর রাখতে। সেইসঙ্গে বৈঠকে মমতা এটাও বলেছেন, এখনো পর্যন্ত শুনানি প্রক্রিয়ায় কতজন গিয়েছেন কিংবা কারা যেতে পারেননি সে সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করে তার কাছে দিতে। সূত্রের খবর ইনিউমারেশন ফর্ম তুলে বেশকিছু জন সঠিক সময় জমা দেননি। কেন তাঁরা ওই ফর্ম জমা দেননি, সে সম্পর্কেও একটি রিপোর্ট দলীয় নেতৃত্বের কাছে চেয়েছেন মমতা। বৈঠকে থাকা তৃণমূলের এক নেতা বলেন, নেত্রীর স্পষ্ট নির্দেশ কোনোরকম ঢিলামি দেওয়া যাবে না। এস আই আর শুনানি প্রক্রিয়ার যাদের ডাকা হচ্ছে, সবদিক খোঁজ খবর রাখতে হবে। প্রসঙ্গত, এর আগে দুই বার বুথ লেভেল এজেন্টের সঙ্গে বৈঠক করেছেন মমতা। মঙ্গলবার ছিল তার তৃতীয় দফার বৈঠক। তিনি এর আগে অভিযোগ করেছেন, এস আই আর প্রক্রিয়ায় চক্রান্ত বা ষড়যন্ত্র করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। ফলে প্রকৃত ভোটারদের নাম যাতে কোনো অবস্থায় বাদ না পড়ে সেদিকে দলীয় কর্মীদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবং সেই কাজটা করতে হবে দক্ষতা এবং দায়িত্বের সঙ্গে।