এক অন্য ধারার গানের গাড়ি ছুটবে যার নাম জয়-লোপা এক্সপ্রেস। গানের বাঁকে নানা স্টেশন ছুঁয়ে আজ শুক্রবার জিডি বিড়লা সভাঘরে এগিয়ে চলবে এই এক্সপ্রেস। এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র বলেন, ‘এ বছর ১৩ সেপ্টেম্বর আমাদের জয়-লোপা এক্সপ্রেস হওয়ার কথা ছিল। ভেবেছিলাম বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ষষ্ঠী দাস বাউলের চিকিৎসার জন্য এই কনসার্টটা করব। ওঁর কাছে আমি কিছুদিন গানও শিখেছিলাম। কিন্তু দুঃখের বিষয় উনি নভেম্বরের শুরুতেই গত হয়েছেন। ওঁর চিকিৎসার জন্য কিছু অর্থিক সাহায্য আমরা করে আসতে পেরেছিলাম, এইটুকু আমাদের সান্ত্বনা। অনুষ্ঠানের দিনক্ষণের জন্য আমরা অপেক্ষা করিনি। এই অনুষ্ঠানটা আমরা ষষ্ঠীদার স্মৃতির উদ্দেশে উৎসর্গ করছি।’
Advertisement
জয়-লোপা জুটির পথচলা শুরু হয়েছিল ২৯ বছর আগে। লোপামুদ্রার কথায়, ‘আমাদের এক্সপ্রেস বহুদিন ধরেই চলছে, কিন্তু সেটা নিয়মিত হয়ে ওঠে না। কিন্তু আমাদের মধ্যে একটা সঙ্গীতের সেতু বরাবর রয়ে গিয়েছে। আমরা খুব ভালো বন্ধুও। আজ জয়ও গাইবে।’ অন্যদিকে জয় বলেন, ‘আসলে লোপামুদ্রার হাত ধরেই আমার সুরকার হিসেবে আত্মপ্রকাশ। সেদিক থেকে দেখতে গেলে আমার সুরকার জীবনের পঁচিশ বছর পেরিয়ে গেল। অনেক বছর মঞ্চে লোপাকে গিটারে সঙ্গত করেছি। সেটা তো এখন আর হয় না। সেই মুহূর্ত গুলো মিস করি। তাই আমাদের এই অন্য ভাবনা।’



